করোনার মাঝেই ইস্টবেঙ্গল ক্লাব নতুন সদস্যদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কাজ শুরু করেছিল আগেই। নতুন একাধিক স্বদেশী খেলোয়াড়দের দলে সামিল করতে মরিয়া লাল-হলুদ দলের কর্মকর্তারা। নতুন মরশুমে ইস্টবেঙ্গল আইএসএল-এ খেলবে কিনা তা এখনও নিশ্চিত না হলেও নতুন দলে যে নতুন খেলোয়াড়দের চমক থাকবে তা বেশ নিশ্চিত করে দিলেন ইস্টবেঙ্গল ক্লাব। আজ লাল হলুদ দলের তরফে ঘোষণা করা হল তাদের নতুন তিন সদস্যের নাম। নতুন সদস্যদের তালিকায় সামিল হলেন অ্যাঙ্গোসানা লুওয়ান, মোহাম্মদ রফিক আলী সর্দার এবং লোকেন মেটেই।
মিডফিল্ডার অ্যাঙ্গোসানা লাল-হলুদ দলের সাথে কিছুদিন আগেই চুক্তি স্বাক্ষর করেছিলেন। আজ তার সইপর্বের কথা আনুষ্ঠানিক প্রকাশ করল ইস্টবেঙ্গল ক্লাব। অ্যাঙ্গোসানা তার পেশাদারী ফুটবল জীবন শুরু করেছিলেন ট্রাউ এফসিতে। গত বছরে আই-লিগের দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে ট্রাউ এফ সি-কে তুলে আনতে এই মিডফিল্ডার মুখ্য ভূমিকা নিয়েছিলেন। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার এবারের আই লিগ-এ টানা ১৭ টি ম্যাচ খেলেছেন। তাঁর এই দারুন প্রদর্শনীর জন্য আই লিগের বেশ কিছু ম্যাচে তাঁকে ‘টিম অফ দি উইক’ এর শিরোপা দেওয়া হয়।
তালিকার দ্বিতীয়জন হলেন বঙ্গতনয় মোহাম্মদ রফিক আলী সর্দার। ২২ বছর বয়সী এই তরুন কিন্তু বেশ দীর্ঘকায়, উচ্চতা প্রায় ৬ ফুট। ইনি এর আগের আইএসএল এর দুটি মরসুমে জামসেদপুর এফসির হয়ে খেলেছেন। এই তরুণ খেলোয়াড় গোলকিপার হিসেবেই খেলেন। ইষ্ঠবেঙ্গল ক্লাবের এক নতুন গোলকিপারের তালিকায় এলেন মোহাম্মদ রফিক আলী সর্দার।
এই তালিকার তৃতীয় ফুটবলার হলেন মণিপুরের ছেলে লোকেন মেটেই। ইনি ট্রাউ এফসির হয়ে আই লিগে মিডফিল্ডার পজিশনে খেলছেন। এই ২২ বছর বর্ষীয় মিডফিল্ডার ২০১৭-২০১৯ দুই মরসুম কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএলে খেলেছেন। এছাড়া ২০১৫ সালে এই তরুণ খেলোয়াড়, অনুর্ধ ১৯ এর জাতীয় দলের হয়ে খেলেছেন।





