চিরনিদ্রায় শায়িত ফুটবল রাজপুত্র, শেষ যাত্রায় সামিল হাজার হাজার মানুষ

সাল ২০২০ দেখছে একের পর এক মৃত্যু মিছিল। সম্প্রতি প্রয়াত হয়েছেন ফুটবল জগতের কিংবদন্তি দিয়েগো মারাদোনা। ফুটবলের রাজপুত্র এখন শেষ যাত্রায়। শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রেসিডেন্টাল প্যালেসে রাখা রয়েছে মারাদোনার শবদেহ। জাতীয় পতাকা ও আর্জেন্তিনার জার্সিতে মোড়া তাঁর দেহ। শুক্রবার আর্জেন্টিনার স্থানীয় সময় বিকাল পাঁচটা নাগাদ মারাদোনার কফিন বন্দি দেহ সমেত কনভয় বেইয়া বিস্তা কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

 

কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হলেও রাস্তায় তাদের প্রিয় ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাতে প্রচুর মানুষ ভিড় করেন। কনভয়ের পিছনে হাজার হাজার মানুষ মারাদোনার শেষ যাত্রায় অংশ নেন। কবরের ভিতরে পরিবারের লোকজন ও এজেন্টরাই কেবল প্রবেশ করতে পারেন। সেখানেই নিজের বাবা-মায়ের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত থাকবেন ফুটবল রাজপুত্র। বুধবার ভারতীয় সময় রাত ১০ টায় ক্রীড়া বিশ্ব একপ্রকার থমকে গিয়েছিল মারাদোনার মৃত্যুর খবরে। ৬০ বছর বয়সে আর্জেন্টিনায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা।

 

তার মৃত্যুকে ঘিরে শোকে বিহ্বল হয়ে পড়েন সকলেই। কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না ১৯৮৬ সালে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানো মারাদোনা আর নেই। প্রিয় ফুটবলার মারাদোনার মৃত্যুতে শোকে আচ্ছন্ন ইতালির নাপোলি শহর। আর্জেন্টিনার হয়ে ৯১ টি ম্যাচ খেলে ৩৪ টি গোল করেন তিনি। তাঁর বাম পায়ের জাদুতে মুগ্ধ ছিল ফুটবল জগৎ। কয়েকদিন ধরে মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। আর এবার তিনি চিরবিদায় জানালেন পৃথিবীকে।

RELATED Articles