হলোওয়েকে রিলিজ, এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্সকে মজবুত করতে মূল দলে ইংরেজ উইংব্যাক

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দল ঠিক ভাবে গুছিয়ে নিতে চাইছে এইবারের আইএসএলে পিছিয়ে থাকা এসসি ইস্টবেঙ্গল। সাতটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত একটিও জয় পায়নি লাল-হলুদ শিবির। সেই সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের দলের ডিফেন্সে তো সমস্যা রয়েছেই। এরই মধ্যে দল থেকে রিলিজ পেতে চলেছেন ওয়েলসের স্ট্রাইকার-ডিফেন্ডার অ্যারন আমাদি হলোওয়ে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই হলোওয়ের কাছে এশিয়ার একটি এবং ইউরোপের দুটি ক্লাবের অফার রয়েছে। সেই কারণেই রিলিজ চেয়ে নেন হলোওয়ে। আর সেই কারণে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলের কাছে রিলিজের দাবি করেছিলেন তিনি। এইবারের আইএসএলে হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম দিকে চোট সমস্যায় ভুগছিলেন তিনি। হলোওয়েকে রিলিজ করার পর ইস্টবেঙ্গলের মূল দলে সুযোগ পাবেন ইংরেজ উইংব্যাক ক্যালাম উডস।

উডসের আগমনে দুর্বল ডিফেন্স কিছুটা হলেও ভরসা পাবে বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট। ৩৩ বছরের ডিফেন্ডার ক্যালাম উডস লিভারপুলের অ্যাকাডেমি থেকে এসেছেন। এছাড়াও ট্রান্সফার উইন্ডোতে টার্গেটে রয়েছেন নর্থ-ইস্ট ইউনাইটেডের গোলকিপার শুভাশিস রায়চৌধুরি। ১.১০ কোটি টাকা ট্রান্সফার ফি হলেও ৩৪ বছরের এই গোলকিপারকে ৭০ লক্ষ টাকা দিয়ে ছেড়ে দিতে পারে নর্থইস্ট।

RELATED Articles