নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যের উত্তাল পরিস্থিতির জন্যে এবার প্রভাব পড়তে চলেছে বাঙালির ঘটি–বাঙালের মাঠের লড়াই। অধিক পরিমাণে পুলিশ না থাকায় পিছিয়ে যেতে চলেছে রবিবারের ডার্বি। এমনটাই খবর মোহনবাগান সূত্রে।
আজ বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে বৈঠক ছিল মোহনবাগান কর্তাদের। যদিও দু’দলের সমর্থকরা ডার্বি দেখার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। অনলাইন টিকিটও বিক্রি শুরু হয়ে গেছিল আগামী রবিবারের ডার্বির। সেখানে পুলিশের অভাবে খেলা না হওয়ায় সমর্থকরা সত্যিই হতাশ হওয়ার মতো খবর।
সাধারণত ইস্ট-মোহন ডার্বি আয়োজন করতে গেলে কয়েক হাজার পুলিশের প্রয়োজন হয়। তাই বিধাননগর পুলিশ রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ঝুঁকি নিতে নারাজ। এই কারণে বিধাননগর পুলিশ আজকের বৈঠকে মোহনবাগান কর্তাদের দর্শকাসন কমিয়ে ডার্বি করার আবেদন জানায়। যদিও এই আবেদন মানতে নারাজ মোহনবাগান কর্তারা।
এরপরেই মোহনবাগান কর্তারা এআইএফএফ-র সাথে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান এবং দর্শকাসন কমিয়ে দেওয়ার প্রস্তাবের বিরোধিতাও করা হয়। মোহনবাগান কর্তারা তখনই আবেদন জানান যে, ডার্বি ম্যাচ আপাতত পিছিয়ে দিতে। তারপরেই আনুষ্ঠানিকভাবে এআইএফএফ আগামী রবিবারের ডার্বি পিছিয়ে দেওয়ার প্রস্তাবে সায় দেয়।
শোনা যাচ্ছে যে, আগামী ৫ জানুয়ারি হতে পারে এই ডার্বি। যদিও পরবর্তীতে এআইএফএফ ম্যাচের তারিখ ঘোষনা করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।






