সিএএ-র বিরোধিতা করে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ায় বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে আটক করা হল ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তবে তিনি একা নন, আটক করা হয়েছে সমাজকর্মী যোগেন্দ্র যাদব, ধরমবীর গান্ধি সহ শতাধিক ব্যক্তিকে। আজ সকালে বেঙ্গালুরু শহরে টাউন হলের সামনে সিএএ-র বিরোধিতায় বিক্ষোভ দেখাতে উপস্থিত হয়েছিলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ সহ প্রায় শতাধিক ব্যক্তি। সেই সময়ই তাঁদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধেই তোপ দেগেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তিনি বলেন, ‘গান্ধিজির পোস্টার হাতে সংবিধান সম্পর্কে বক্তব্য রাখার সময়ে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। কেন্দ্রের নির্দেশে পুলিশ কাজ করেছে।’ বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ থাকলেও রামচন্দ্র গুহকে টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘দেশে স্বৈরতন্ত্র চলছে।’
যদিও বেঙ্গালুরু পুলিশ সংবাদমাধ্যমকে জানায় যে, বিক্ষোভকারীরা ১৪৪ ধারা ভেঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছিলেন। এই কারণেই তাদের গ্রেফতার করে ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এন আর সি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। বিক্ষোভের জেরে প্রায় স্তব্ধ হয়ে গেছে রাজ্যের রেল পরিষেবা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও দেশের এবং রাজ্যের বিভিন্ন অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। দিল্লির উত্তর-পূর্বাংশ থেকে উত্তরপ্রদেশ, কর্ণাটকে ইতিমধ্যেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে আজ বেঙ্গালুরুতে রামচন্দ্র গুহকে এভাবে আটক করার ঘটনায় সরব হয়েছেন অপর্না সেন সহ অন্যান্য শিল্পী এবং বুদ্ধিজীবীরা।





