ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। কিন্তু হঠাৎ এমন মন্তব্য করার কারণ ঠিক কী? তাহলে কী ধোনির সঙ্গে দাম্পত্য জীবনে খুশি নন তিনি? তাদের সম্পর্কে ফাটল ধরেছে কোনওভাবে?
আইপিএলের টিম চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ক্রিকেটারদের স্ত্রী তাদের নিজের অভিজ্ঞতার কথা বলেছেন। সেখানেই এমন বিস্ফোরক মন্তব্য করেন সাক্ষী যা শুনে ধোনির অনুরাগীদের মনে হয়েছে যে সাক্ষী ও ধোনির বিবাহিত জীবনে কোনও সমস্যা এসেছে।
তবে তেমনটা নয়। সাক্ষীর কথায়, ভারতে কোনও ক্রিকেটারের স্ত্রী হয়ে বেঁচে থাকা বেশ কঠিন। তাদের ব্যক্তিগত পরিসর বলে কিছু থাকতে নেই। মহেন্দ্র সিং ধোনি তাঁর পরিবারকে খুব কমই মিডিয়ার সামনে আনেন কিন্তু তবুও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে উন্মাদনা তুঙ্গে।
অন্যান্য ক্রিকেটারদের তুলনায় ধোনি সোশ্যাল মিডিয়ায় খুবই কম সক্রিয়। নিজের ক্রিকেট ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ব্যালেন্স রাখেন তিনি। তবে সাক্ষী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাদের জীবনের নানান তথ্য মেলে সাক্ষীর নানান পোস্ট থেকেই।
তবে ধোনিকে কোনও দোষ দেন নি সাক্ষী। বরং তিনি দুষেছেন ক্রিকেটারদের জনপ্রিয়তাকে। এই খ্যাতি, যশ, প্রতিপত্তি সাক্ষীর কাছে বিড়ম্বনার সমার্থক। পরিবারকে ছেড়ে দীর্ঘদিনের জন্য ক্রিকেটের লম্বা সফর, সারাদিন পাপারাজ্জির ক্যামেরা কিংবা সংবাদমাধ্যমের অনধিকার চর্চা এসব একজন তারকার পরিবারের সকলের ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ করে তোলে। সাক্ষীর মতে, কোনও ক্রিকেটারের স্ত্রী হতে পারাটা আমাদের দেশে বেশ চ্যালেঞ্জের বিষয়।
আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় ধোনির সঙ্গে সফরে প্রায়শই দেখা যেত তাঁর স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে। সাক্ষীর কথায়, অন্য কোনও পেশায় নিযুক্ত কোনও ব্যক্তির স্ত্রী ও ক্রিকেটারদের স্ত্রীর মধ্যে বেশ ফারাক রয়েছে। কারণ তাদের মতো অন্য কারোর জীবন নিয়ে ততটা চর্চা হয় না। তবে যাই হয়ে যাক কেন, তিনি ধোনির জন্য চিরকাল গর্বিত থাকবেন, এও জানান সাক্ষী।





