গতকাল, মঙ্গলবার বিকেলে কলকাতায় এসেছেন সোনার ছেলে নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনার মেডেল জয় করার পর এটাই তাঁর প্রথম কলকাতা ভ্রমণ। এদিন শহরে আসার পর থেকে একেবারে বাঙালিয়ানায় মোড়া হল নীরজকে। কলকাতায় পা রেখে বাঙালি আবেগে ভাসলেন নীরজও।
বাইপাসের ধারে সল্টলেক স্টেডিয়ামের উল্টোদিকে এক হোটেলে উঠেছেন নীরজ। সেখানেই গতকাল রাতে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল পুরোদস্তুর বাঙালি খাবারে। তিলোত্তমায় আসতেই তাঁর আতে তুলে দেওয়া হল ইলিশ, চিংড়ি, দই, মিষ্টি সবই। এমন সুস্বাদু বাঙালি খাবারের ছোঁয়ায় নীরজও নিজের ডায়েট ভুলে পরম আনন্দে উপভোগ করলেন এই খাবার।
এদিন নীরজের পাতে প্রথমেই ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল। এরপর আসে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ, মটন কষা। শেষ পাতে ছিল জলভরা সন্দেশ, নলেন গুঁড়ের আইসক্রিম ও মিষ্টি দই। শুধু যে তিনি এই খাবার চেটেপুটে খেলেন তাই-ই নয়, বরং খাবার খাওয়ার আগে প্রত্যেকটি পদের নাম কী, তা-ও জানলেন।
দেশের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন থ্রো করে টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে নিয়েছেন নীরজ। আজ, বুধবার কলকাতা শহরে রয়েছে নীরজের সংবর্ধনা অনুষ্ঠান।
জানা গিয়েছে, এদিনের এই অনুষ্ঠানে নীরজের তাঁর জীবনের নানান অজানা কাহিনী শুনতে শোনাবেন। কীভাবে তিনি জ্যাভলিন থ্রো-তে এলেন? তাঁর সাফল্যের পিছনে রহস্য কী? এতে তাঁর পরিবারের অবদান কতটা? হরিয়ানার কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প, তাঁর আগামী দিনের লক্ষ্য কী কী? এমন নানান প্রশ্নের এদিন উত্তর দেবেন নীরজ।





