টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা বেশ তুঙ্গে। ২০১৯ সালের বিশ্বকাপের পর ফের ভারত-পাক ম্যাচ বলে কথা। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেটারদের উপর চাপ ফেলতে শুরু করে দিয়েছেন সে দেশের সমর্থকরা। দেওয়া হচ্ছে নানান হুমকি।
সম্প্রতি দলের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন পাক অধিনায়ক বাবর আজম। সেই ছবিতে এক পাক সমর্থক কমেন্ট করে বলেন, “২৪ তারিখের ম্যাচটা জিতিয়ে দিও, না হলে দেশে ফিরতে দেব না”।
Off to UAE. Your support means more than anything. Stand by your team. Keep supporting. Keep praying. Keep believing. #PakistanZindabad 🇵🇰 pic.twitter.com/Venlgoz2EV
— Babar Azam (@babarazam258) October 15, 2021
বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারে নি। পাক সমর্থকদের আশা এবার তা হবে। বিরাটের দলকে নাজেহাল করতে পারবে আজমের দল। কিন্তু এর আগেই শুরু চাপ। এর আগেও বারবার পাক ক্রিকেটারদের সমর্থকদের চাপের মুখে পড়তে হয়েছে। কিন্তু সেক্ষেত্রে ফল হয়েছে বিপরীত। ম্যাচ তো তারা জেতেনই নি, বরং চাপের জেরে তারা ম্যাচে ভালোভাবে খেলতেই পারেন নি।
১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের পর দেশে ফেরা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল পাক ক্রিকেটারদের। একথা পরে জানিয়েছিলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। আত্মীয়রা ফোন করে আক্রমকে জানিয়েছিলেন দেশে না ফিরে অন্য কোথাও চলে যেতে। সেটাই করতে হয়েছিল ওয়াসিমকে। পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার পর দেশে ফিরতে পেরেছিলেন আক্রম।
বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ মিলিয়ে মোট ১২ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ১১ বার ভারত জিতেছে। ২০০৭ বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচ টাই হয়েছিল। কিন্তু বোল আউটে সেই ম্যাচটাও জিতে নেয় ধোনির ভারত। তাই ১২ ম্যাচে একটাও জয় নেই, পাকিস্তানের খাতায়।
এদিকে আবার, এক সংস্থার তরফে জানানো হয়েছে যে বিশ্বকাপে যদি পাকিস্তান ভারতকে হারাতে পারে, তাহলে তাদের ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে। পাক বোর্ডের চেয়ারম্যানই একথা জানিয়েছেন। তাই, বিশ্বকাপের জন্য লড়াইটা এখন যেন পাকিস্তানের কাছে বেঁচে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে।






