দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই আবহেই চলছে আইপিএল। এই মুহূর্তে যে আইপিএল বন্ধ করা সম্ভব নয়, এও জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভারতে এই করোনা পরিস্থিতির কথা জানেন আইপিএলের বিদেশী তারকা ক্রিকেটাররা। ইতিমধ্যেই, বেশ কিছু অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল থেকে নিজেদের নাম তুলে নিয়েছেন। ফিরে গিয়েছেন দেশে।
কিন্তু সেই পথে মোটেই হাঁটলেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার। তিনি উল্টে ভারতের পাশে এসেই দাঁড়ালেন। বোলার প্যাট কামিন্স জানান যে তিনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ৫০ হাজার ডলার অনুদান দেবেন। এই অর্থ ভারতীয় মুদ্রায় হয় প্রায় ৩৮ লক্ষ টাকা। আজ, সোমবার নাইটদের খেলা রয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই খেলার আগেই তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
এদিন টুইট করে প্যাট কামিন্স লেখেন, “ভারতকে খুবই ভালবাসি। এই দেশের সাধারণ মানুষ আমাদের মতো বিদেশিদের খুব তাড়াতাড়ি আপন করে নেয়। আমাদের প্রতি এত ভালবাসার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই মুহূর্তে গোটা ভারত করোনার বিরুদ্ধে ফের একবার লড়াই করছে। কোভিডের মধ্যেও আইপিএল আয়োজন হওয়া নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে। আমি সেই দিকে মাথা ঘামাতে পারছি না। তবে এটাও সত্যি যে ভারত সরকার এই অতিমারির মধ্যেও আইপিএল আয়োজন করার সবুজ সঙ্কেত দিয়েছে, যাতে এই কঠিন অবস্থার মধ্যেও কিছু মানুষ বিনোদনের স্বাদ পায়”।
— Pat Cummins (@patcummins30) April 26, 2021
এরপর কামিন্স জানান, “আমরা অনেক স্বচ্ছন্দ জীবন যাপন করি। তাই এমন কঠিন সময় এই দেশের সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমার সতীর্থদের কাছে আবেদন করছি। সেই জন্য সামান্য অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলাম। কোভিডের বাড়বাড়ন্তের জন্য দেশের অনেক হাসপাতালে পরিমাণ মতো অক্সিজেন দেওয়া যাচ্ছে না। আশা করি এই সামান্য অর্থ কিছু মানুষের জীবন ফেরাতে কাজে লাগবে। ভারতকে বাঁচানোর জন্য সবাই একজোট হয়ে এগিয়ে আসুন”। বিদেশী ক্রিকেটারদের মধ্যে প্যাট কামিন্সই ভারতের সাহায্যে প্রথম এগিয়ে এলেন।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!