‘প্রত্যেককেই জীবনে পরীক্ষায় বসতে হয়, প্রত্যাখ্যাত হতে হয়, আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে’, বোর্ডের সিদ্ধান্তের পর প্রথমবার মুখ খুললেন সৌরভ

বোর্ড সভাপতি হওয়ার দূর থেকে ছিটকে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর এই নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি। আজ, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই নিয়ে কথা বলতে গিয়ে কখনও তাঁর গলায় উঠে এল অভিমানের সুর, আবার কখনও বা ক্ষুব্ধ হলেন তিনি। এদিন সৌরভ বলেন, সারা জীবন কেউ প্রশাসক থাকতে পারে না। সকলকেই জীবনের একটা সময় প্রত্যাখ্যাত হতে হবে।
এদিন সৌরভ প্রথমেই বলেছেন, প্রশাসক হিসাবে তিন বছর তিনি উপভোগ করেছেন। তবে ক্রিকেটার হিসাবে জীবন অনেক কঠিন কেটেছে তাঁর। বলেছেন, “প্রশাসক হিসাবে অনেকটা সময় কাটিয়েছি। তবে খেলাধুলো অনেক বেশি কঠিন ছিল। তবে যে সময়টা বোর্ডে কাটিয়েছি, তা উপভোগ করেছি। খেয়াল করলে দেখবেন, গত তিন বছরে ভারতীয় ক্রিকেটে অনেক কিছুই হয়েছে”।
নিজের সাফল্যের খতিয়ান তুলে ধরে সৌরভ বলেছেন, “কোভিডের মতো দুঃসহ সময়ে সফল ভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল রুপো পেয়েছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য পেয়েছে। ভারতীয় ক্রিকেটে একটা অন্য রকম শক্তি দেখা যাচ্ছে। তবে ক্রিকেটার হিসাবে সময়টা আলাদা ছিল। সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না”।
সৌরভের কথায়, “নিজের উপর বিশ্বাস রাখা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রত্যেককেই জীবনে পরীক্ষায় বসতে হয়, প্রত্যাখ্যাত হতে হয়। তবে নিজের উপর বিশ্বাস কখনও বদলায় না”।
একজন মানুষ কিভাবে জীবনে সফল হতে পারেন, সেই প্রসঙ্গে সৌরভকে দিন বলেন, “সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে”।
ক্রিকেটজীবন সম্পর্কে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, “পঙ্কজ রায়দা অবসর নেওয়ার পর বাংলার থেকে সে ভাবে কোনও ক্রিকেটারই জাতীয় দলে সুযোগ পাচ্ছি না। আমি বরাবর বিশ্বাস করে এসেছি যে, পূর্বাঞ্চলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। অনেক প্রথম শ্রেণির ক্রিকেটার রয়েছে। কিন্তু জাতীয় দলে তার প্রতিফলন দেখতে পাওয়া যেত না। আমি কখনও অতীতের দিকে ফিরে তাকাইনি। বর্তমানে বাঁচতে ভালবাসি। ভারতের হয়ে ১০০-র বেশি টেস্ট খেলেছি। লর্ডসে টেস্ট অভিষেক এখনও আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত”।

RELATED Articles