ফের ভোলবদল আবহাওয়ার! আগামী সপ্তাহেই ঝেরে বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়, কোন কোন জেলা রয়েছে তালিকায়?

আবহাওয়ার যেন খামখেয়ালিপনা লেগেই রয়েছে। ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানুয়ারি মাসের শেষ ও ফেব্রুয়ারির শুরুতেই ফের একবার বৃষ্টিতে ভিজবে বঙ্গের মাটি। শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই আপাতত।

কেন ফের বৃষ্টি বঙ্গে?

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। রাজস্থানে আবার আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কেরলের উপর দিয়ে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। আবার শনিবার রাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলে খবর। এর প্রভাবেই জানুয়ারির শেষে বুধ বা বৃহস্পতিবার ও ফেব্রুয়ারির প্রথম দিনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হতে পারে। এর প্রভাবে ঢুকবে জলীয় বাষ্প। ফলে প্রভাব বাড়বে পূবালী হাওয়ার। আর উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে। এর জেরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। অন্যদিকে আজ, শুক্রবার থেকে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছে যা চলবে আগামী ৪৮ ঘণ্টা। 

আজ, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রির আশেপাশে। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৪ থেকে ৯৫ শতাংশ।

কী খবর অন্যান্য রাজ্যের?

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়াণা, মধ্যপ্রদেশ ও রাজস্থানে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে।  উত্তর-পশ্চিম ভারত-সহ বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আগামী কয়েক দিনে উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles