পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না জলের বোতল, নিষিদ্ধ ওয়ালেটও, মাধ্যমিকে কারচুপি রুখতে জারি একগুচ্ছ নিয়ম

আর কিছুদিন পরই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই কারণে ইতিমধ্যেই নানান পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশাসনের তরফেও নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য নানান নিয়ম জারি হয়েছে। এরই মধ্যে রয়েছে নিষিদ্ধ তালিকাও। অর্থাৎ বেশ কিছু সামগ্রীর নাম উল্লেখ করা হয়েছে, যা নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।  

কী কী নিষিদ্ধ হল পরীক্ষাকেন্দ্রে?

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা কী কী সামগ্রী নিয়ে যেতে পারবে না, সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী, নোটসের মতো কোনও রকম পড়াশোনার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, হেল্থ ব্যান্ড, ক্যামেরা, ওয়ালেট এই জিনিসগুলি পরীক্ষার্থীরা কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে পারবে না।

পরীক্ষার্থীদের কাছে রাখা যাবে না জলের বোতলও। সেই কারণে পরীক্ষার্থীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয়, তাই পরীক্ষাকেন্দ্রের প্রত্যেক কক্ষের মধ্যেই পানীয় জলের ব্যবস্থা করতে হবে স্কুলকে, এমনটাই জানানো হয়েছে পর্ষদের তরফে।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই বছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে কম চর্চা হচ্ছে না। পরীক্ষার ১৫ দিন আগে পরীক্ষার সময়সূচী বদল করে বিজ্ঞপ্তি দেয় শিক্ষা পর্ষদ। আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হত বেলা ১২টা থেকে।

কিন্তু এই বছর নতুন সময়সূচী অনুযায়ী পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিট থেকে আর চলবে দুপুর ১টা পর্যন্ত। ৯টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের আর লেখা শুরু হবে ১০টা থেকে। সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ২৩ হাজার।

RELATED Articles