‘দেব তুমি তো চ্যাম্পিয়ন’, মঞ্চে দাঁড়িয়েই সাংসদের ‘আবদার’ রেখে বড় ঘোষণা করলেন মমতা, কী ‘আবদার’ করেছিলেন দেব?

গত কয়েকদিন ধরেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চার অন্ত নেই। ঘাটালের তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল তারকা-সাংসদ। এরপর লোকসভা নির্বাচনের আগে সংসদের শেষ অধিবেশনের দিন তিনি জানিয়েছিলেন সেদিনই ছিল তাঁর সংসদে শেষ দিন। এর জেরে এই জল্পনা আরও দৃঢ় হয় যে দেব রাজনীতি ছাড়তে চলেছেন। এরই মধ্যে গত শনিবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব। এর পর সূত্র মারফৎ জানা যায়, দেব ফের ঘাটালের প্রার্থী হবেন। আর এবার আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল দেবকে।  

আজ, সোমবার আরামবাগে এক সভায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সেই সভামঞ্চে দেখা গেল তারকা-সাংসদ দেবকেও। সেই মঞ্চ থেকে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেব বলেছেন যে কেন্দ্র সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হয়নি।  

আজ আরামবাগের মঞ্চ থেকে ফের সেই একই কথা শোনা গেল দেবের মুখে। তিনি বললেন, “আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করেছি। এবার আমি একজনের ওপরেই বিশ্বাস রাখছি, তিনি আমার দলনেত্রী। আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে”।

প্রসঙ্গত, গতকাল, রবিবার এক অনুষ্ঠানে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশাপ্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ। বলেছিলেন, “ঘাটালবাসীর ৭০ বছরের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে রাজ্য সরকার, দিদির হাত ধরে। আশা করি, পরের টার্মে মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। কেন্দ্র যদি করে তো ভালো, নাহলে দেখা যাক। এটা মানুষের কাজ, করতেই হবে”।

গতকালের দেবের সেই আশ্বাসবাণীর পর এবার আজ, সোমবার আরামবাগের সভায় দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা দেব আমাকে বলেছে। আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি মুখ্যসচিবের সঙ্গে। ঘাটাল মাস্টারপ্ল্যান আমরা করছি। কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিচ্ছিল না বলে প্রকল্পগুলো করা যাচ্ছে না”। মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ১২৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার।  

এদিন দেবের কথা উল্লেখ করে মমতা বলেন, “দেব আমার কাছে আবদার করেছে। দিদি তো আর ভাইকে ফেরাতে পারে না। তাই কেন্দ্রের জন্য বসে না থেকে আমি নির্দেশ দিচ্ছি পরিকল্পনা তৈরি করে ৩-৪ বছরের মধ্যে করে ফেলতে হবে”। মুখ্যসচিব বি পি গোপালিকা ও সেচ দফতরের সচিব প্রভাত মিশ্রকে এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর দেবের উদ্দেশে মমতা বলেন, “দেব ইউ আর দ্য চ্যাম্পিয়ন। আমি কিন্তু তোমার আবদার রেখেছি। এর জন্য একদিন মিষ্টি খাইয়ো না, এখানে সূর্য মোদকের খুব বিখ্যাত। অনেকেই এখান থেকে নিয়ে যায়। তবে আমি তো মিষ্টি খাই না”।

উল্লেখ্য, এদিন আরামবাগের সভায় মঞ্চে উঠে দেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার রাজনীতি শুরু। ঘাটালের মানুষের জন্য আমি আবার ফিরে এসেছি”।

আরও অন্যান্য খবর