‘একটু মায়াও কী হয় না’, বিজেপি-কংগ্রেস-সিপিএমের জন্যই নিয়োগ হচ্ছে না, নিয়োগ-জট নিয়ে বিরোধীদেরই দুষলেন মমতা

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগের শেষ নেই। চাকরিপ্রার্থীরা দিনের পর দিন ধরে রাস্তায় অবস্থান করলেও নিয়োগ হচ্ছে না। এবার এই নিয়োগ জট নিয়ে এবার বিজেপি, বাম, কংগ্রেসকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের বদলে নিজেদের স্বার্থ দেখছে বিরোধীরা। সেই কারণেই সুযোগ থাকা সত্ত্বেও সরকার নিয়োগ করতে পারছে না।

ঠিক কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

আজ, সোমবার আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিয়োগ নিয়ে কথা বলেন তিনি। তাঁর কথায়, সরকার নিয়োগের প্রস্তুতি নিলেই নাকি বিরোধীরা কোনও না কোনও কেস ঠুকে দিচ্ছে। তিনি বলেন, “বহু শূন্যপদ রয়েছে। কিন্তু নিয়োগ করতে পারছি না। এই বিজেপি-সিপিএম-কংগ্রেস নেতাগুলোর জন্য নিয়োগ আটকে রয়েছে। চাকরি পেলে ওদের লোকসান। এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায় সেটা বড় দুর্নীতি। চাকরি আটকাতে নেই, এটা মনে রাখবেন”।

রাজ্যে বিশাল পদে নিয়োগের ঘোষণা

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য বাজেটে ৫ লক্ষ সরকারি পদে নিয়োগের প্রস্তাব আন হয়েছে। ১ লক্ষ শিক্ষক পদ, ৬০ হাজার পুলিশের শূন্যপদ রয়েছে বলে জানান মমতা। সরকার সেখানে নিয়োগ করতে চায় কিন্তু বিরোধীদের জন্য তা হচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী।

মমতার কথায়, “৬০ হাজার পুলিশ, ১ লক্ষ শিক্ষক, বিভিন্ন দপ্তরে ৫ লক্ষ যুবক-যুবতীকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, ওমনি (বিরোধীরা) মামলা ঠুকে দিচ্ছে। আর হাসতে-হাসতে বলছে, দেখলে তো চাকরিটা হতে দিলাম না। যেন জমিদারি পেয়ে গিয়েছেন! ক্ষমতা থাকলে ভোটে লড়ুন। গণতন্ত্রের লড়াইটা রাস্তায় নেমে করুন”।

বারবার নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। এবার ঘটল উলাটপুরাণ। মমতা দুষলেন বিরোধীদের। বললেন, “সবকিছুতে দুর্নীতি করবেন না। এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায় সেটা বড় দুর্নীতি”। রেলের নিয়োগে ‘বেনিয়ম’ নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যান, রেলে দেখুন, কত দুর্নীতি হয়েছে! আমরা তো কখনও বলি না। যাই হোক, ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে। চাকরি আটকাতে নেই, এটা মনে রাখবেন”।

শেষে মমতার বার্তা, “সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, বেকার যুবক-যুবতীদের ভবিষ্যত নষ্ট না করতে। এই চাকরিগুলো আটকাবেন না”। তাঁর প্রশ্ন, “চাকরিগুলো আটকাতে একটু মায়া লাগে না?

RELATED Articles