সামনেই লোকসভা নির্বাচন। এর আগেও আধার কার্ড নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা। ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হচ্ছে একের পর এক আধার কার্ড। এর জেরে আতঙ্ক তৈরি হয়েছে রাজ্যবসাঈর মনে। হঠাৎই বাড়ি বাড়ি আসছে চিঠি। আর সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে নিষ্ক্রিয় করা হয়েছে আধার কার্ড।
কোথায় ঘটছে এমন ঘটনা?
পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক বাসিন্দা এমন চিঠি পেয়েছেন বলে জানা গিয়েছে। সাধারণত বিদেশী বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি জদ সন্তোষজনক না হয়, তাহলে আধার কার্ড বাতিল করা হয়। এমন চিঠি পেয়ে আতঙ্কে ভুগছেন বাসিন্দারা।
জানা গিয়েছে, গত কয়েকদিনে জামালপুরের জৌগ্রাম, আবুজহটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’র রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পৌঁছেছে। পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন এমন প্রায় কয়েকশো চিঠি এসেছে।
এই ঘটনায় স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা জানাচ্ছেন কেন এমন চিঠি এল তাদের কাছে, সে বিষয়ে তারা জানেন না। কিছু স্থানীয়দের কথায়, “কয়েকমাস আগেই আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করেছি। তখন কোনও সমস্যা হয়নি। হঠাৎ করে কী ঘটল, বুঝতে পারছি না”। তারা জানান, আধার কার্ড এমন নিষ্ক্রিয় হওয়ায় আধারের উপর নির্ভরশীল রেশন ও ব্যাঙ্কের লেনদেনও বন্ধ হয়ে গিয়েছে তাদের।
এই বিষয়ে জামালপুরের বিডিও পার্থসারথি দে জানাচ্ছেন, এই বিষয়ে ব্লক প্রশাসনের কাছে কেউ কোনও তথ্য চায়নি। জেলা প্রশাসনের কাছেও এই আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠির ঘটনাটির খবর গিয়েছে। জেলার পুলিশ কমিশনার আমনদীপ সিং জানান, ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। নির্বাচন আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে”।





