এর আগেও একাধিকবার গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর সমর্থনে নানান মন্তব্য করেছেন। এও বলেছেন যে অনুব্রত জেল থেকে ছাড়া পেলে তাঁকে বীর সম্মান দেওয়া হবে। কিন্তু প্রায় দু’বছর ধরে জেলে রয়েছেন অনুব্রত। এবার ফের প্রিয় কেষ্টর স্তুতি শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
গতকাল, রবিবার সিউড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের একবার অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁকে চক্রান্ত করে জেলে ভরা হয়েছে বলে দাবী করেন মমতা। বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুব্রতর পাশে দাঁড়িয়ে মমতা বলেন, “সিউড়িতেও নানা চক্রান্ত চলছে। বীরভূমেও চলছে। আজকে কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে মুছতে পারেনি। আমি দেখছিলাম, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ওর কথা বলছে। ও কাজ করএতে জানে বলে জেলে আটকে দিয়েছে। একই অভিযোগ আপনাদের নেতার বিরুদ্ধে রয়েছে, ব্যবস্থা নিয়েছেন”?
প্রসঙ্গত, বীরভূমের বেতাজ বাদশা বলেই পরিচিত অনুব্রত মণ্ডল। তৃণমূলের প্রায় জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তিনি। আর ‘দিদি’ও ভরসা করেই প্রিয় কেষ্টকে বীরভূমের জেলা সভাপতির পদে বসিয়েছিলেন। অনুব্রত থাকাকালীন বীরভূমের দিকে তাকাতেই হয়নি মমতাকে।
কিন্তু ২০২২ সালে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। ফলে বীরভূমে তৃণমূলের ঘাঁটি টলতে শুরু করেছিল। কিন্তু তবুও জেলা সভাপতির পদ থেকে মমতা সরান নি কেষ্টকে। নিজেই সামলেছেন সেখানকার দায়িত্ব। বারবার নিজের মন্তব্যে বুঝিয়ে দিয়েছেন, তিনি ও তাঁর দল অনুব্রতর পাশেই রয়েছে।
এদিনের এই সভা থেকে সন্দেশখালি নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “মানুষের উপর অত্যাচার হলে আমাদের সরকার ব্যবস্থা নেয়। একটা ঘটনা ঘটেছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে। তারপর ইডিকে সঙ্গে নিয়ে বিজেপি ঢুকেছে। কিছু মিডিয়া তিলকে তাল করছে”।
বলে রাখি, এদিন এদিন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েরও উদ্বোধনের পাশাপাশি মোট ২১৬টি প্রকল্পের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর / মধ্যে রয়েছে ইলামবাজার, দুবরাজপুর ও কাঁকসা ব্লকের অন্তর্গত পানাগড়-ইলামবাজার-দুবরাজপুরে ১০ হাজার ৭৭৮ লক্ষ টাকা খরচ করে প্রায় ৪৯ কিলোমিটার রাস্তার কাজ। শিক্ষাখাতেও নানান প্রকল্পের বাস্তবায়নের খতিয়ান তুলে ধরেন তিনি এই সভায়। এর পাশাপাশি এদিন ৭২৩টি প্রকল্পের শিলান্যাস হয়েছে।





