পুরসভার বাজেট অধিবেশনে বাম কাউন্সিলরের গায়ের রঙ নিয়ে কদর্য মন্তব্য, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

এমনিতেই পুরসভার বাজেট অধিবেশনে তৃণমূল কাউন্সিলরের যৌ’ন গল্প নিয়ে উত্তাল হয়েছিল পুরসভা। সে নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। এরই মধ্যে এবার আজ, মঙ্গলবার সেই বাজেট অধিবেশনেই পুরসভার মধ্যে বাম কাউন্সিলরের গায়ের রঙ নিয়ে কদর্য মন্তব্য করলেন তৃণমূল কাউন্সিলর। এই ঘটনায় শাসক দলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বিরোধীরা।  

কী ঘটেছে গোটা ঘটনাটি?

আজ, মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন বাম কাউন্সিলর মধুছন্দা দেব। অধিবেশনে তিনি বলেন, “কলকাতার রাস্তায় অতিরিক্ত এলইডি আলো। আলো কমিয়ে দেওয়া হোক”।তাঁর এই মন্তব্যের পরই তৃণমূল কাউন্সিলররা এই নিয়ে আপত্তি জানাতে শুরু করেন।

কী বলেছেন তৃণমূল কাউন্সিলর?

এসবের মধ্যে ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ভরা পুরসভায় বলেন, “সাদা আলো ঝলমল করলে আপনাকে তো ফর্সা লাগে। সেটা ভালো না”? তৃণমূল কাউন্সিলরের এহেন মন্তব্যে অপমানিত বোধ করেন মধুছন্দা দেব। চারবারের কাউন্সিলর খুবই ক্ষুব্ধ হন এমন মন্তব্যে। তিনি বলেন, “এভাবে অপমানিত হবো আশা করিনি। এখন দেখছি এটা ওদের দলের সংস্কৃতি”।

বাম কাউন্সিলর শ্যামবর্ণ বলেই কী তাঁর গায়ের রঙ নিয়ে এমন মন্তব্য করলেন তৃণমূল কাউন্সিলর, এমনই প্রশ্ন উঠছে। এমন মন্তব্যের বিরুদ্ধে সরব হয় বিজেপিও।

তবে নিজের দোষ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। তিনি বলেন, “আমি অপমান করিনি। যেটা সত্যি সেটাই বলেছি”। তবে এই ঘটনায় মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “আমাদের কারও বক্তব্য খারাপ লাগলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী”। পুরসভার চেয়ারপার্সন মালা রায় এই ঘটনায় বলেন, “কোনও মহিলা সম্পর্কে কটূক্তি সমর্থন করে না দল”।  

RELATED Articles