সন্দেশখালি যেতে বাধা নওশাদকে, পুলিশের সঙ্গে প্রবল বচসা, ধাক্কাধাক্কি, গ্রেফতার আইএসএফ বিধায়ক

ফের সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হল বিরোধী দলের নেতাকে। সায়েন্স সিটির কাছে পুলিশি বাধার মুখে পড়েন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশের সঙ্গে প্রবল বচসা হয় তাঁর। পুলিশের দাবী, ১৪৪ ধারা লঙ্ঘন করেছেন বিধায়ক। এই যুক্তি দেখিয়ে গ্রেফতার করা হল ভাঙড়ের বিধায়ককে।

কী ঘটেছিল ঘটনাটি?

আজ, মঙ্গলবার সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন সকাল ৯টা নাগাদ সায়েস সিটির কাছে পৌঁছতেই বিধায়কের গাড়ি আটকায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে সেখানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব গেলে শান্তি লঙ্ঘন হবে। তাই নওশাদ সিদ্দিকিকে যেতে দেওয়া যাবে না সেখানে।

এই নিয়ে পুলিশের সঙ্গে প্রবল বচসায় জড়ান আইএসএফ বিধায়ক। তিনি প্রশ্ন করেন যে সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে কেন তাঁকে আটকানো হচ্ছে। তিনি এও প্রশ্ন করেন, রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে বিরোধীদের কেন আটকানো হচ্ছে?

পুলিশ যুক্তি দেখায়, সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। এরপর পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কি হয় নওশাদের। শেষে বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবী, ১৪৪ ধারা লঙ্ঘন করার জেরে গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ককে। নওশাদ সিদ্দিকি প্রশ্ন করেন, সন্দেশখালি থেকে এত দূরে কেন তাঁকে আটকানো হয়েছে। নওশাদের গ্রেফতারিতে সরব বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলেই।

এদিন গ্রেফতারি প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি বলেন, “কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হল জানানো হয়নি। যেখানে মন্ত্রীরা ঘুরছেন, সেখানে অসুবিধা নেই। তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না। আমি গেলেই সমস্যা। আর ১৪৪-এর কোনও নোটিসও দেখাতে পারেনি এরা। আজ আমার দু’টো কর্মসূচি আছে। একটা সন্দেশখালিতে যাওয়া, আরেকটা বাসন্তীতে। কীসের এত তৎপরতা”?

RELATED Articles