১০০ দিনের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। প্রতিশ্রুতি অনুযায়ী ‘বঞ্চিত’ শ্রমিকদের ১০০ দিনের বকেয়া টাকা মেটানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগেই বড় এক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, ১ এপ্রিলের মধ্যে যদি আবাস যোজনার টাকা কেন্দ্র না দেয়, তাহলে রাজ্যই ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে।
কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে বারবার আন্দোলন, প্রতিবাদ করেছে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, ১০০ দিনের কাজ প্রকল্পের শ্রমিকরা প্রতিহিংসার রাজনীতির শিকার। গত মাসেই কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে তিনি ধর্না দেন রেড রোডে।
সেই সময় তিনি কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা না পাঠায়, তাহলে রাজ্যই সেই টাকা দেবে। সেই টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এমনকি, জব কার্ড হোল্ডারদের জন্য বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত করতে সাম্প্রতিক রাজ্য বাজেট অধিবেশনে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।
এর আগে রাজ্য বাজেট অধিবেশনের দিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয়, তাহলে রাজ্যই বাড়ি বানিয়ে দেবে। এবার সেই টাকা মেটানোর জন্য কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করলেন, কেন্দ্রীয় সরকার যদি ১ এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা না মেটায়, তাহলে রাজ্যই উদ্যোগ নিয়ে ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে।
এদিন মুখ্যমন্ত্রী এও জানান, সংখ্যাটা যে ১১ লক্ষেই সীমাবদ্ধ থাকবে, তা নয়। আগে থেকেই ১১ লক্ষ বাড়ির জন্য নাম তালিকাভুক্ত রয়েছে। কিন্তু এরপরও অনেকেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ফোন করে আবাসের টাকা নিয়ে অভিযোগ জানিয়েছেন। সব মিলিয়ে প্রায় ১৬ থেকে ১৭ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য, এমনটাই হিসেব বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী, সংখ্যালঘুদের বোর্ডের মাধ্যমে দফায় দফায় টাকা দেওয়া হব আবাসের।





