পদত্যাগ করেই রাজনীতিতে! মোদীর সভাতেই বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন? জেনে নিন

লোকসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে বেশ ভালোই ডামাডোল শুরু হয়েছে। রবিবার দুপুরে তো একের পর এক নাটকীয় ঘটনা ঘটতে থাকে। প্রথমেই শোনা যায় বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এরপরই শুরু হয় তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা। তবে তিনি কোন দলে যোগ দিচ্ছেন বা কোন কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছেন, তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে এল আরও এক খবর।

বিচারব্যবস্থা তো বটেই, বঙ্গ রাজনীতিতেও বেশ চর্চিত নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি হোক অন্য কোনও দুর্নীতি, সব নিয়ে তাঁর নানান পর্যবেক্ষণ ও মন্তব্য তাঁকে বারবার শিরোনামে তুলে এনেছে। চাকরিপ্রার্থীদের কাছে তিনি ‘ভগবান’। এজলাসে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেই নানান মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে।

তাঁর এহেন কর্মকাণ্ডে বিরোধী দলের তরফে তাঁকে সমর্থন করা হলেও, শাসক দলের নানান নেতারা কিন্তু বারবার তোপ দেগেছেন তাঁকে। তৃণমূল নেতা কুণাল ঘোষ রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই বলেছিলেন, “অবসরের বেশিদিন বাকি নেই। তার আগে স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনীতিতে। তারপর দেখা যাবে”। এবার ঘটতে চলেছে সেই ঘটনাই। শোনা যাচ্ছে, বিজেপিতেই যোগ দিচ্ছেন বিচারপতি।

লোকসভার প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

শোনা যাচ্ছে, আগামী ৬ মার্চ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেই বিজেপিতে যোগ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর সবকিছু ঠিকঠাক থাকলে তিনি হয় তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন। ওই কেন্দ্রে আপাতত সাংসদ রয়েছেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। কিন্তু তিনি শুধু খাতায়-কলমেই তৃণমূলের সাংসদ। কারণ তাঁর বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা সকলেরই জানা। তমলুকের আসনেই এবার হয়ত দেখা যেতে পারে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। ওই কেন্দ্র থেকে তৃণমূল আদৌ আর দিব্যেন্দু অধিকারীকে টিকিট দেবে কী না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

বলে রাখি, রবিবারই নিজের পদত্যাগের কথা জানান বিচারপতি। এও জানান বৃহত্তর ক্ষেত্রের লক্ষ্যেই তাঁর এই অবসর। তিনি কোন দলে যোগ দিচ্ছেন, তা অবশ্য তিনি খোলসা করে বলেন নি। তবে তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনাই প্রবল।   

আরও অন্যান্য খবর