রামমন্দির নিয়ে কটূক্তি, পাল্টা তোপ শুভেন্দুর, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির

অযোধ্যার রামমন্দির গোটা দেশবাসীর কাছে একটা আবেগ। সেই রামমন্দির নিয়েই বিতর্কিত মন্তব্য করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিং। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। এই নিয়ে তৃণমূল বিধায়ককে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গত রবিবার তারকেশ্বর বিধানসভার বালিগাড়িতে তৃণমূলের আসন্ন ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে একটি সভা করে দল। সেই সভায় উপস্থিত ছিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিং। সেই সভা থেকেই রামমন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

কী বলেন এদিন তৃণমূল বিধায়ক?

এদিন সভা থেকে অযোধ্যার রামমন্দির সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “মোদী একজন অব্রাহ্মণ হয়ে রামলালার প্রতিষ্ঠা করেছেন। মন্দির সম্পূর্ণ হয়নি, সেই মন্দিরে রামের মূর্তি প্রতিষ্ঠা মেনে নেননি আচার্য শংকরাচার্য। রাম মন্দির একটা শোপিস হয়েছে। পুজো দিতে যাবেন না”।

তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কিছু অংশ টুইট করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল বিধায়ক হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন বলে দাবী করেন তিনি। এরপরই আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা পরশুড়ার বিধায়ক বিমান ঘোষ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তৃণমূল বিধায়ক ওই মন্তব্যের মাধ্যমে হিন্দু ধর্ম ও রামমন্দিরের আবেগকে আঘাত করেছেন।

তবে তৃণমূল বিধায়কের দাবী তিনি কোনও ভাবাবেগকে আঘাত করেন নি। মন্দির প্রতিষ্ঠায় যে শংকরাচার্যরা যেতে চান নি, তিনি সেই প্রসঙ্গেই কথা বলেছেন। তাঁর দাবী, “আমার পুরো বক্তব্য কেটে ১৭ সেকেন্ডের বক্তব্য শেয়ার করা হয়েছে। বিভ্রান্তি সৃষ্টি করে একটা অরাজকতা তৈরি করতে চাইছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সর্বধর্ম নিয়ে চলে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। তাই বঙ্গবাসী বিভ্রান্তিতে পা দেবেন না”।

RELATED Articles