চলতি বছর মার্চ মাসে তৃতীয় বিয়ে করেছেন গায়ক অনুপম রায়। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন গায়িকা প্রশ্মিতা পালকে। ছিমছাম ভাবে পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন এই দম্পতি। বিকেলে ছিল সান্ধ্য অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রি থেকে হাতেগোনা কিছু বন্ধু।
বিয়ের ছবিও সেভাবে শেয়ার করতে দেখা যায়নি অনুপম আর প্রশ্মিতাকে। রিসেপশন পার্টির একটি ফোটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুপম। সেই ছবিতে নতুন বউকে দেখা গিয়েছিল গোলাপি রঙের বেনারসি পরনে আর অনুপমের গায়ে ছিল বেইজ রঙের পাঞ্জাবিতে গোলাপি সুতোর কাজ করা। ক্যাপশনে লিখেছিলেন, ‘নতুন করে’।
এবার বিয়ের লুক সবার সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন প্রশ্মিতা। খুব হালকা কাজের বেনারসি পরেছিলেন প্রশ্মিতা। সাথে সোনার গয়না। খোঁপা বাঁধা চুল। ছোট্ট টিপ, গোলাপি লিপস্টিক। স্নিগ্ধ এই লুকের ছবিই ভাগ করে নিয়েছেন প্রশ্মিতা। এই বেশে প্রশ্মিতার পোস্ট দেখে ভীষন খুশি নেটিজেনরা। এই পোস্ট দেখে চোখ আটকে গেছে অনুপম রায়েরও। তিনি কোনও মন্তব্য না করলেও, পোস্টে ‘লাইক’ দিয়ে গিয়েছেন।
View this post on Instagram
জানা গিয়েছে, প্রশ্মিতার এটা দ্বিতীয় বিয়ে। শৌনক নামে এক চিকিৎসকের সাথে বিয়ে হয় প্রশ্মিতার। ২০১৭-তে আংটি বদল করেন এবং তার পরের বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে বিয়ে করেন তারা। কয়েকমাসের মধ্যেই দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসেন দুজনে। আবার এদিকে, অনুপমের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়ার বিয়ে হয়েছিল ২০১৫ সালে। পেশায় সমাজকর্মী পিয়া।অনুপম-পিয়ার বিয়ে ভাঙে ২০২১ সালে। দুজনেই যৌথ বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার সাথে ভাগ করেছিলেন সেই খবর।
কাজের সূত্রে অনুপম আর প্রশ্মিতার পরিচিতি। গানের জগতে চেনা মুখ প্রশ্মিতা পাল। রাজ চক্রবর্তীর ‘বোঝেনা সে বোঝেনা’ ছবিতে গান গেয়ে পরিচিতি পান। তারপর ‘দেখতে বউ বউ’, ‘হতে পারে না’-মতো হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন প্রশ্মিতা। অনুপমের সুরে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন প্রশ্মিতাই। প্রশ্মিতা পেশায় ইঞ্জিনিয়র সাথে রয়েছে গায়িকার তকমা। একটি বহুজাতিক সংস্থার সঙ্গে কাজ করেন তিনি। আওয়ার লেডি ক্যুইন অফ মিশন স্কুলে প্রথম জীবন কাটে প্রশ্মিতার। এরপর লরেটো থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ডিগ্রি নিয়ে ইন্সটিউট অফ ইঞ্জিয়ারিং ম্যানেজমেন্টে কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করেন।





