সুজাতা দুষলেও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কোনও ব্যক্তিগত আক্রমণ চায় না বিজেপি, প্রাক্তন স্ত্রীকে কোনও বেফাঁস মন্তব্য নয়, সৌমিত্রকে সতর্কবার্তা দলের

তাদের ব্যক্তিগত সম্পর্ক ছিন্নভিন্ন হয়েছে অনেকদিন আগেই। ব্যক্তিগত স্তরে একে অপরকে বিঁধে এসেছেন তারা। তবে এবার তাদের লড়াইটা হবে রাজনীতির ময়দানে। লোকসভা ভোটে একে অপরের প্রতিপক্ষ তারা। দুজনেই লড়ছেন বিষ্ণুপুরের আসন থেকে। আর এর জেরে সুজাতা মণ্ডল ও সৌমিত্র খাঁ-কে নিয়ে বেশ ফাঁপরে পড়েছেন বিষ্ণুপুরের ভোটাররা।  

এর আগে ব্যক্তিগত কারণে একে অপরকে নানান কটাক্ষবাণ শানিয়েছেন ঠিকই। তবে এবার রাজনীতির ময়দানেও তেমনই করছেন তারা। ইতিমধ্যেই সৌমিত্রকে ফুর্তিবাজ, লম্পট, মা’তা’ল বলে কটাক্ষ করেছেন সুজাতা। সৌমিত্রও প্রাক্তন স্ত্রীকে ‘পাগল’ বলে সম্বোধন করেছেন। আর এই প্রাক্তন কর্তা-গিন্নির মাঝে পড়ে গিয়েছেন ভোটাররা। আসলে যে লড়াইটা কাদের মধ্যে হচ্ছে, এটা কী আদৌ রাজনৈতিক লড়াই নাকি ব্যক্তিগত লড়াই, তা বুঝেই উঠতে পারছে না সাধারণ মানুষ।

সৌমিত্রকে আক্রমণ সুজাতার

গতকাল, শনিবারই সোনামুখীতে দলের একটি প্রচার সভায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, “বিষ্ণুপুরের সাংসদ নিজের উন্নয়ন তহবিল থেকে কী কাজ করেছেন আর আমরা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কী কাজ করেছি তার একটা প্রকাশ্য বিতর্ক হয়ে যাক। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তিনি যদি প্রমাণ করতে পারেন কোনও কাজ তিনি করেছেন তাহলে আমি মনোনয়ন প্রত্যাহার করে নেব। তিনি শুধু বিলাসিতা আর ফুর্তি ছাড়া কিছুই করেননি”।

এর প্রেক্ষিতে আবার সৌমিত্র পাল্টা বলেন, “আসলে যার মাথার ঠিক নেই এবং যিনি কোনও দিন সমাজের কোনও কাজ করেননি তাঁর কথার কোনও উত্তর হয় না”।

কোনও ব্যক্তিগত আক্রমণে নারাজ বিজেপি  

তবে বিজেপি একেবারেই চায় না যে সৌমিত্র সুজাতাকে কোনও ব্যক্তিগত আক্রমণ করুন। সূত্রের খবর, বিজেপি চাইছে প্রাক্তন স্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ না করে সৌমিত্র যাতে প্রচারে গিয়ে গত ১০ নরেন্দ্র মোদী সরকারের কাজের হিসাবনিকেশ তুলে ধরেন। পাশাপাশি সাংসদ হিসেবে তিনি নিজে কী কাজ করেছেন তাও যাতে এলাকাবাসীকে তিনি জানান। দুর্নীতির কথা তুলে ধরে ভোট চাইতে পারেন। কিন্তু ব্যক্তিগত স্তরে কোনও মন্তব্য যাতে না করা হয়, এমনটাই সতর্কবার্তা দিল এবার সৌমিত্রকে বিজেপি নেতৃত্ব।

আরও অন্যান্য খবর