‘বেআইনি নির্মাণের টেন্ডার দিয়েছে তৃণমূল নেতারা, আজ একটা ভেঙেছে, কাল আরও ভাঙবে’, গার্ডেনরিচের ঘটনায় শাসকদলকে একহাত সুকান্তের

গতকাল, রবিবার মধ্যরাতে কলকাতার গার্ডেনরিচে ঘটে যায় এক বড় দুর্ঘটনা। নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ২ জনের। আহত ১৫ জনেরও বেশি। অভিযোগ, বেআইনিভাবেই তৈরি হচ্ছিল এই বহুতল। এই ঘটনায় এবার শাসক দল তৃণমূলকে কটাক্ষ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল নেতারাই এই বেআইনি নির্মাণের টেন্ডার দিয়ে রেখেছে বলে দাবী তাঁর। তবে এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে।

মধ্যরাতে এই দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় টুইট করে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ, সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে মমতা বলেন, “বিল্ডিংয়ের নীচে যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে। এই নির্মাণ কীভাবে হচ্ছিল, কোনও আইনি বৈধতা হয়েছিল কিনা, সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে”।

তিনি আরও বলেন, “আমরা সকালে মর্মাহত। দুজন মারা গেছেন। যার মধ্যে আমি খবর পেলাম একজনের পা আটকে আছে। উদ্ধারকাজ যত তাড়াতাড়ি হবে তত ভালো। শোকস্তব্ধ আমি। বেআইনি কাজ করলে পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে পদক্ষেপ করার জন্য জানিয়েছি”।

তৃণমূলকে নিশানা সুকান্তের

এই বহুতল ভেঙে পড়ার ঘটনায় তৃণমূল নেতাদের দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, তৃণমূল নেতারাই টেন্ডার দিয়েছে বেআইনি নির্মাণের। এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল নেতারাই তো বেআইনি নির্মাণের টেন্ডার দিয়ে রেখেছে। প্রতি স্কোয়ার ফুটে তো তারা টাকা নেয়। তাহলে আর মেরুদণ্ডে কী জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার? আজ একটা-দুটো বাড়ি ভাঙছে, কাল প্রচুর বাড়ি ভাঙবে। গোটা কলকাতায় নানান নির্মাণেই প্রত্যেক স্কোয়ার ফুটেই তৃণমূল নেতারা টাকা নেন। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে”।   

কী বলছেন এলাকাবাসীরা?

এই দুর্ঘটনা নিয়ে এলাকাবাসী অভিযোগ, যেখানে ওই বহুতল নির্মাণ করা হচ্ছে, সেখানে একসময়ে পুকুর ছিল। পুকুর বুজিয়ে  একের পর এক বহুতল নির্মাণ করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে যা জানতে পেরেছে, তাও বেশ উদ্বেগের। পুরসভা সূত্রে খবর, ওই বহুতলটি দোতলা পর্যন্ত নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। বাকি তলাগুলির জন্য অনুমোদন দেওয়া হয়নি পুরসভার তরফে। কিন্তু সেই অনুমতি না নিয়েই ওই বহুতল তৈরি করছিলেন প্রোমোটাররা, এমনটাই অভিযোগ। এর ফলেই ভেঙে পড়েছে এই বহুতল।

আরও অন্যান্য খবর