লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কিছু কিছু আসনে বাকি থাকলেও বেশিরভাগ আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু টিকিট পান নি প্রিয় নেতা। সেই কারণে নিজেদের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন বিজেপি কর্মীরা (BJP Workers)। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রায়চুরে। লোকসভা নির্বাচনের টিকিট পাবেন বলে আশা করেছিলেন বিজেপি নেতা বি ভি নাইক। তিনি এর আগে কংগ্রেসের নেতা ছিলেন। কংগ্রেসের টিকিটেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। কিন্তু সেবার বিজেপি নেতা রাজা অমরেশ্বর নাইকের কাছে হেরে যান তিনি। এরপর তিনি যোগ দেন গেরুয়া শিবিরে।
এরপর ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়েছিলেন বি ভি নাইক (B V Naik)। কিন্তু সেবারেও তাঁর কপাল খুলল না। কংগ্রেসের হাম্পাইয়া নাইকের কাছে হেরে যান তিনি। এমন বারবার হারের কারণে এবারের লোকসভা নির্বাচনে বি ভি নাইককে আর টিকিট দেয় নি বিজেপি। এর জেরেই আস্ফালন।
এবারের লোকসভা নির্বাচনে রায়চুর কেন্দ্র থেকে ফের গত বারের প্রার্থী অমরেশ্বর নাইককেই টিকিট দিয়েছে বিজেপি। নিজেদের প্রিয় নেতার এমন বঞ্চনা সহ্য করতে পারে নি বি ভি নাইকের অনুগামীরা। পথে নেমে বিক্ষোভ দেখান তারা। আর সেই বিক্ষোভের মধ্যেই দুই বিজেপি কর্মী (BJP Workers) আত্মহত্যার চেষ্টা করেন।
জানা গিয়েছে, বিক্ষোভ দেখাতে গিয়ে রাস্তায় পেট্রোল ঢেলে দেয় বি ভি নাইকের অনুগামীরা। এরপর নিজেদের গায়েও পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তারা। তাদের হাত থেকে পেট্রোল ক্যান নিয়ে তাদের থামানোর চেষ্টা করেন বাকিরা। এই ঘটনায় বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বলে রাখি, টিকিট না পেয়ে গত রবিবার তামিলনাড়ুর সাংসদ আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আজ, বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর।





