শহরে ইতিউতি বেআইনি নির্মাণ! কলকাতার একই জায়গায় ১৪টি অবৈধ নির্মাণ, অবিলম্বে ভাঙার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা

শহরের নানান জায়গায় গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। এই নিয়ে এর আগেও নানান পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার। আর এবারও এল তেমনই নির্দেশ। কলকাতার একই জায়গায় ১৪টি বেআইনি নির্মাণ ফেলে ভেঙে ফেলার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)

কোথায় রয়েছে এমন বেআইনি নির্মাণ?

নারকেলডাঙা থানার ঘটনা এটি। ওই থানা এলাকার তিন নম্বর বরোর ২৯ নম্বর ওয়ার্ডে রয়েছে ১৪টি বেআইনি নির্মাণ। ওই এলাকায় যে দেদার বেআইনি নির্মাণ হচ্ছে, এমন অভিযোগ জমা পড়েছিল এর আগে কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই পুরসভার আধিকারিকরা ওই এলাকায় যান পরিদর্শনে।

আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। এদিন আদালতে তিন পুর ইঞ্জিনিয়ার রিপোর্ট পেশ করে জানিয়েছেন, নারকেলডাঙার ২৯ নম্বর ওয়ার্ডের ৪৪/১ ক্যানাল ইস্ট রোডে ১৪টি নির্মাণ এমন রয়েছে যেগুলি পুরসভার কোনও অনুমোদন পায়নি। একথা শোনার পরই বিচারপতি সিনহা প্রশ্ন করেন, “তাহলে কলকাতা পুরসভা এতদিন ধরে কী করছিল?”    

পুরসভার আইনজীবীর তরফে জানানো হয়, ওই বেআইনি নির্মাণগুলিকে পুর আইনের ৪০১ নম্বর ধারায় নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কিন্তু আদালতের প্রশ্ন, পুরসভার নজর এড়িয়ে কীভাবে এমন ১৪টি বেআইনি নির্মাণ গড়ে উঠল।

এদিন এই মামলার শুনানিতে বিচারপতি সিনহা নির্দেশ দেন, এই বিষয়ে ডিজি বিল্ডিংকে পদক্ষেপ করতে হবে। আগামী সাত সপ্তাহেরমধ্যে এই বেআইনি নির্মাণগুলি ভেঙে ফেলার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা।

উল্লেখ্য, সম্প্রতি গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১২ জনের। সেই ঘটনার পর থেকে বেআইনি নির্মাণ নিয়ে আরও বেশি কড়া হয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগেও নারকেলডাঙায় বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশের অসহযোগিতার অভিযোগ উঠেছিল। সেই সময় ওসিকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। আর এবার ১৪টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন তিনি।    

RELATED Articles