লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে বলা যায়। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে নানান রাজনৈতিক নেতানেত্রীদের মধ্যে বাক্যবাণের ঝাঁঝও। কেউই কাউকে একচুল জমি ছেড়ে দিতে রাজি নন। আর এসবের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। কারণ সেখানে লড়াইটা প্রাক্তন কর্তা-গিন্নির মধ্যে। তৃণমূলের হয়ে সেখানে লড়ছেন সুজাতা মণ্ডল আর বিজেপির হয়ে লড়ছেন সৌমিত্র খাঁ (Sujata-Saumitra) যারা কী না প্রাক্তন স্বামী-স্ত্রী।
এর আগেও প্রচারে নেমে একে অপরকে নানানভাবে শানাতে দেখা গিয়েছে সুজাতা ও সৌমিত্রকে। রাজনৈতিক প্রোপ্যাগান্ডা ভুলে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েন নি। এবার ত্রিশূল হাতে অসুর বধের কথা শোনালেন সুজাতা। আর প্রাক্তন স্ত্রীর এই নতুন অবতার দেখে একেবারে যেন হেসেই খু’ন সৌমিত্র।
কী ঘটেছে ঘটনাটি?
আসলে গতকাল, বৃহস্পতিবার বিষ্ণুপুরের শতাব্দী প্রাচীন এক্তেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সুজাতা। একেবারে ঢাক বাজিয়ে মন্দিরে ঢোকেন। পুজোও দেন। এরপর লোকজনের হাতে নকুলদানা তুলে দেন তিনি। আর এরপরই ত্রিশূল হাতে বিষ্ণুপুরের অসুর বধ করার কথা শোনা যায় তাঁর মুখে।
এদিন সুজাতা বলেন, “বাবা এক্তেশ্বর সব জানেন, উনি তো জগৎ সংসারের মালিক। বিষ্ণুপুর লোকসভার মানুষ যেন প্রকৃত ন্যায়বিচার পায়। মেয়েরাই তো পারি মহিষাসুরমর্দিনী হয়ে উঠতে। তাই শিব শম্ভুর কাছে প্রার্থনা করতে এসেছি, আমিও যেন মহিষাসুরমর্দিনী হতে পারি এবং অসুরের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাতে পারি, এই আশীর্বাদ চেয়ে এসেছি”।
তৃণমূল প্রার্থীর কথায়, “আমরা ঢাক বাজাতে বাজাতে পুজো দিতে ঢুকেছিলাম। ঢাক সহকারে বেরিয়ে এলাম। যখন সমাজে বারবার অসুররা মাথা চাড়া দিয়েছে নারীরা মা দুর্গার রূপ ধরেছে। আমি সাধারণ নারী। কিন্তু সাধারণ নারীর মধ্যে মা দুর্গা লুকিয়ে থাকে। আমি বিষ্ণুপুর লোকসভায় বিজেপি নামক, বিরোধী নামক অসুর বধ করে এই বিষ্ণুপুরকে বাঁচাতে”।
এদিকে প্রাক্তন স্ত্রীর এমন রূপ দেখে তো হাসি যেন থামলই না সৌমিত্রের মুখ থেকে। হেসে হেসে তিনি বললেন, “আমাকে তো আগেই বধ করে দিয়েছেন। দয়া করে আর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না। আগে আমি একা জ্বলতাম এখন গোটা বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের নেতারা জ্বলছেন। তার জন্য বিষ্ণুপুরের মানুষ আর আপনাকে বধ করার সুযোগটা দেবেন না। আপনি ভাল থাকুন, আমি চাই, আপনি ভালভাবে এগিয়ে চলুন। কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার