খবরের পর্দায় তাঁর কণ্ঠস্বর শুনতে অভ্যস্ত ছিলেন বাংলার অসংখ্য দর্শক। স্পষ্ট উচ্চারণ, শান্ত অথচ দৃঢ় উপস্থাপনা এবং মার্জিত ব্যক্তিত্ব দিয়ে দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন পাপিয়া সিংহ। সেই পরিচিত মুখ আর ফিরবেন না নিউজরুমে। ৪৭ বছর বয়সে প্রয়াত হলেন বাংলা সংবাদজগতের জনপ্রিয় সংবাদপাঠিকা ও সাংবাদিক। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহল থেকে টলিপাড়াতেও। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
স্টার আনন্দের শুরুর সময় থেকেই চ্যানেলের সঙ্গে তাঁর যোগ ছিল। পরবর্তীকালে সেই চ্যানেলই এবিপি আনন্দ নামে পরিচিত হয়। দীর্ঘ কর্মজীবনে এই প্রতিষ্ঠানের পর্দায় নিয়মিত দেখা গিয়েছে পাপিয়াকে। তাঁর গম্ভীর কণ্ঠস্বর এবং সাবলীল সংবাদ পরিবেশনের ধরন দর্শকদের কাছে খুব দ্রুত পরিচিত হয়ে ওঠে। শুধু অ্যাঙ্কর হিসেবেই নয়, সাংবাদিক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। খবরের ব্যস্ততার মধ্যে তাঁর বলা একটি পরিচিত বাক্য ছিল, ‘ফিরছি বিরতির পরে’। অথচ এবার সেই বিরতির পর আর তাঁর ফেরা হল না। জীবনের শেষ বিরতিই যেন চিরস্থায়ী হয়ে রইল।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পাপিয়া। প্রায় ছ’মাস ধরে চলছিল তাঁর চিকিৎসা। এই সময়ের মধ্যে ১২টি কেমোথেরাপিও নিয়েছিলেন তিনি। কেমো শুরু হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর ইমিউনোথেরাপি চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সেই হাসপাতালেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মাত্র ৪৭ বছর বয়সে তাঁর চলে যাওয়া তাই আরও বেশি করে নাড়া দিয়েছে সহকর্মী এবং কাছের মানুষদের।
আরও পড়ুনঃ ‘পিসিমা’কে আজও মনে রেখেছে বাঙালি, কিন্তু অভিনয় থেকে কেন নিজেই সরে গেলেন মিতা চট্টোপাধ্যায়? এখন কী করেন তিনি?
পাপিয়ার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বছরের পর বছর ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন একের পর এক খবর। পেশার প্রতি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং নিজের স্বতন্ত্র উপস্থাপনার জন্য সহকর্মীদের কাছেও বিশেষ জায়গা তৈরি করেছিলেন তিনি। আজ সেই পরিচিত মুখটি নেই, নেই নিউজরুমে তাঁর কণ্ঠস্বরও। তবে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে তৈরি করা তাঁর দীর্ঘ স্মৃতি থেকে যাবে দর্শক ও সহকর্মীদের মনে। পাপিয়া সিংহের প্রয়াণে বাংলা সংবাদমাধ্যম হারাল এক পরিচিত ও প্রিয় মুখ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার