CoronaVirus – করোনায় মৃত্যু হলে শেষকৃত্য সম্পন্ন হবে ধাপায় : কলকাতা পুরসভা

করোনায় মৃত ব্যক্তির শেষকৃত্য হওয়া নিয়ে এলাকাবাসী যে অসন্তোষপূর্ণ পরিস্থিতি তৈরী করেছিল তারই প্রেক্ষিতে কলকাতা পুরসভা জানিয়ে দিল, এবার থেকে করোনায় আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হলে ধাপায় দাহ ও পূর্ব কলকাতার বাগমারি কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে। ধাপায় পুরসভার জঞ্জালের ডাম্পিং গ্রাউন্ডে যেখানে দাবিহীন দেহ পুলিশের ব্যবস্থাপনায় দাহ করা হয় সেখানেই করোনায় ফের মারা গেলে শেষকৃত্যের ব্যবস্থা হবে। আর বাগমারির কবরস্থানের ভিতরেই আলাদা জায়গা ঘিরে দেওয়া হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মৃতকে সেখানে সমাধিস্থ করা হবে বলে মেয়র জানিয়েছেন।

এপ্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বুধবার বলেন, ‘ইলেকট্রিক চুল্লিতে দেহ দাহ হলে করোনা কেন, অন্য কোনও জীবাণু থাকে না। আবার মাটির নিচে কোনও দেহ চলে গেলে সেখানেও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন পুরসভা মানছে।’

মেয়র আরোও বলেন, পশ্চিমবঙ্গ বা দেশে করোনায় আর কোনও মৃত্যু হোক আমরা চাই না। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনেই সমস্ত শেষকৃত্য সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনায় মৃত রোগীর দেহ বৈদ্যুতিক চুল্লিতে পোড়ালেও নাকি আশেপাশের বাতাসে ছড়িয়ে পড়বে কালান্তক মারণ ভাইরাস, এমনই অবৈজ্ঞানিক যুক্তি দেখিয়ে রাজ্যে করোনায় মৃত প্রথম রোগী, দমদমের ওই পৌঢ়ের শেষকৃত্য নিমতলা শ্মশানঘাটে করতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে পুরসভা সূত্রে খবর, ৬৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় কলকাতার সমস্ত শ্মশানেই দাহ হয়ে থাকে। যেখানে মাত্র ৫২ ডিগ্রি উঠলেই করোনা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। তাই যে বা যাঁরা সেদিন নিমতলা শ্মশানঘাটের চুল্লিতে দেহ পোড়ালে স্থানীয় জনপদে করোনা ছড়িয়ে পড়বে ভেবেছিলেন তাঁদের ‘হুজুগে ও গুজব সৃষ্টিকারী’ বলে কটাক্ষ পুরকর্তাদের। অন্যদিকে মৃতদেহ মাটির নিচে গেলে যে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়ে পড়ে তার প্রমাণ চিন বা ইরানে করোনায় গণকবর দেওয়া।

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ধাপায় শেষকৃত্য সম্পন্ন করার জন্য বিশেষ টিমও তৈরি হয়েছে। নিমতলা শ্মশানে করোনায় প্রথম মৃত রোগীর শেষকৃত্য নিয়ে যে চরম অশান্তি হয়েছিল, তা সামাল দেওয়ায় পুরসভার স্বাস্থ্য কর্মীদের বিশেষ স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কারণ, সেদিন বাসিন্দাদের হুমকি ও সহকর্মীদের একাংশের উসকানি উপেক্ষা করে দুই স্বাস্থ্যকর্মী দমদমের ওই প্রৌঢ়ের দেহ দাহ করেন। বুধবার সেই দুই কর্মীকে পুরসভার তরফে আড়াই হাজার টাকা ও বিশেষ স্বীকৃতির শংসাপত্র তুলে দেন স্বাস্থ্য কর্তারা। ধাপায় শেষকৃত্য সম্পন্ন করার জন্য বিশেষ টিমও তৈরি হয়েছে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment