তখন লোকসভা নির্বাচনের দিনক্ষণও ঘোষণা হয়নি, সেই সময় দাঁড়িয়েই তিনি বলেছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান। অভিষেককে মাত দেওয়ার জন্য তিনি প্রস্তুত। কিন্তু দিনশেষে তেমনটা হয়নি। অভিষেকের মুখোমুখি হতে পারেন নি তিনি। কিন্তু এরই মধ্যে এবার অভিষেকের ভোট পাওয়া নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)।
বেশ বড় মুখ করেই নওশাদ (Naushad Siddiqui) বলেছিলেন যে তিনি অভিষেককে হারাতে প্রস্তুত। তিনি ডায়মন্ড হারবার থেকে তৃণমূল নেতার বিরুদ্ধেই লড়তে চান। অনেকেই ভেবেছিলেন যে ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে হয়ত নওশাদকেই প্রার্থী করবে আইএসএফ। এই নিয়ে বেশ চর্চাও হয় রাজনৈতিক মহলে।
তৃণমূল প্রার্থী ঘোষণার করার পরও দু-সপ্তাহ কেটে গেলেও বিরোধীদের তরফে কোনও প্রার্থী দেওয়া হয়নি ডায়মন্ড হারবারের জন্য। শেষমেশ প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ। কিন্তু ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম দেখে বেশ হতাশই হন অনেকেই। সেখান থেকে নওশাদ (Naushad Siddiqui) নয় মজনু লস্করকে প্রার্থী করে আইএসএফ। যা নিয়ে বেশ কটাক্ষের মুখেও পড়েন নওশাদ।
কী বলেছেন নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)?
ভোট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যেই দাঁড়াক না কেন, তিনি ৪ লক্ষ ভোটে জিতবেন। সেই নিয়েই এবার নওশাদের (Naushad Siddiqui) মন্তব্য, “হার জিত বড়ো কথা নয়, জেতার সম্ভাবনা প্রবল ছিল। ভাঙরে দল আমায় প্রার্থী করেছিল। আবার দলই সমীক্ষা করে আমাকে ডায়মন্ড হারবারে প্রার্থী করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গুন্ডা-মস্তান-পুলিশকে কাজে লাগিয়ে ভোট করান তাহলে চার লাখ কেন উনি আট লাখ ভোটে জিতবেন”।
কতটা লড়াই দিতে পারবেন মজনু লস্কর?
নওশাদের (Naushad Siddiqui) কথায়, “মজনু লস্কর একজন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া মানুষ। তাঁকে দল সঠিক প্রার্থী মনে করেছে বলেই তাঁকে প্রার্থী করা হয়েছে। ডায়মন্ড হারবারে যদি সঠিকভাবে ভোট হয়, তাহলে মজনু লস্কর লড়াই দিতে পারবেন বলে আমার বিশ্বাস”।
ভোটে গ্রহণযোগ্যতা নিয়ে নওশাদের (Naushad Siddiqui) জবাব, “বঞ্চিত সমাজের কেউ নেতৃত্বে এলেই অনেকের গা জ্বালা করে। আমি বলে হয়, যদি কোনও আদিবাসী বা দলিত সমাজ থেকে কেউ নেতৃত্ব দিতেন, তাহলেও অনেকে ভালোভাবে মেনে নিতেন না। এটা আমি ভাবি না। আমার সেক্টরের যে মানুষরা রয়েছেন, যে আদিবাসী, দলিত সমাজ রয়েছে, তারা আইএসএফের ভরসা হয়ে উঠছেন। তারা যদি ভোট দেন তাহলেই আমাদের জয় নিশ্চিত”।





