লোকসভা ভোট দোরগোড়ায়। আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল থেকেই শুরু হচ্ছে দেশের সবথেকে বড় নির্বাচন। এদিন উত্তরবঙ্গের তিন আসনে ভোট রয়েছে। জোরকদমে চলছে ভোট প্রচার। আর এই প্রচারে গিয়ে নানান বিতর্কমূলক মন্তব্যও করে ফেলছেন রাজনৈতিক নেতৃত্বরা। ফলে বিপাকে পড়তে হচ্ছে তাদের দলকে। এবার ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সাধারণ মানুষকে আত্মরক্ষার পাঠ পড়াতে গিয়েই বেফাঁস মন্তব্য করে ফেললেন তিনি।
কী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)?
গতকাল, বুধবার নন্দীগ্রামে রামনবমীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে আমজনতাকে আত্মরক্ষার টিপস দেন বিজেপি প্রার্থী (Abhijit Ganguly)। বলেন, “প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে। মনে রাখবেন, মানুষের আত্মরক্ষার অধিকার আছে। সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে, মানুষ যদি আপনাদের উত্তম-মধ্যম দেন, তাতে কোনও দোষ হবে না। কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত। যেটাকে ভারতীয় দণ্ডবিধিতে বলা হয়েছে, রাইট টু প্রাইভেট ডিফেন্স”।
রাজনীতিতে যোগ দেওয়ার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিচারব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে তিনি যোগ দেন বিজেপিতে ও লোকসভা ভোটের প্রার্থীও হন। আদালত, পুলিশ যখন আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথা বলে, সেখানে দাঁড়িয়ে দীর্ঘদিন বিচারপতি পদে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) কীভাবে আইন নিজের হাতে নেওয়ার মতো মন্তব্য করলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আর এ নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না তাঁর প্রতিপক্ষরা।
প্রাক্তন বিচারপতির (Abhijit Ganguly) এহেন মন্তব্যে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, “তিনি একসময় বিচারপতি ছিলেন। মানুষ তাঁকে শ্রদ্ধা করতেন। সিস্টেম যাতে আইনের পথে চলে, সেটাই তাঁর দায়িত্ব ছিল। আজ সেই ব্যক্তিই আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন। আমার ভাবতে খারাপ লাগছে একজন প্রাক্তন বিচারপতি (Abhijit Ganguly) এই মন্তব্য করছেন”।
অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে তমলুকের সিপিএম প্রার্থী তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “যারা তৃণমূলের ঝাণ্ডার তলায় থেকে সিপিআইএমকে খেদিয়ে এখন বিজেপির ঝান্ডার তলায় রয়েছে, তারাও যদি আক্রমণ করতে আসে, তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার সবার রয়েছে”।






