এবার করোনা আতঙ্কের সঙ্গে জুড়ল ছাই আতঙ্ক। শনিবার বিকাল চারটা নাগাদ গঙ্গার এপার ওপারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছাই বৃষ্টি ঘিরে ছড়ালো চাঞ্চল্য। বিকালবেলা বিক্ষিপ্ত এই ছাই বৃষ্টি ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে সকলের মধ্যেই। এতো ছাই এলো কোথা থেকে ভাবাচ্ছে এলাকাবাসীকে।

বাড়ির ছাদে এই ছাই ঘিরে কৌতূহল তুঙ্গে উঠেছে। স্যোশাল মিডিয়াতেও ছড়িয়ে গিয়েছে এই ছবি। প্রচুর মানুষ ছাইয়ের ছবি পোস্ট করেছেন। এই ছাই দেখতে পোড়া পালকের মত, কিন্তু হাতে নিলেই গুঁড়িয়ে যাচ্ছে।

দুপুরে নিশ্চিন্দার উলুঘাসের জঙ্গলে আগুন লাগে। সেই আগুন নেভানোর ছাই বলে অনুমান করা হচ্ছে। মনে করা হচ্ছে উলুঘাস পোড়ার ছাই উড়েই পড়েছে বিস্তীর্ণ এলাকায়। যদিও এখনও আসল কারণ এখনও জানা যায়নি। সাধারণত বড় কোনও জঙ্গল বা চাষের জমিতে আগুন লাগলেই এমনটা হওয়ার কথা।

তবে ছাই রহস্য ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত কোন্নগর, শ্রীরামপুর, বালি, বরানগর, বেলুড়, নাগেরবাজার, দমদম, বারাসত প্রভৃতি জায়গায় দেখা গিয়েছে এই ছাই বৃষ্টি। এইসকল অঞ্চলের বাসিন্দারা রীতিমত আতঙ্কিত এই ঘটনায়। স্বাভাবিকভাবেই করোনার আতঙ্কে গৃহবন্দি সকলেই, বিকালে ছাদে উঠছেন একটু বাইরের পরিবেশের স্বাদ পেতে, সেখানে ছাদে উঠে যদি কেউ এই দৃশ্য দেখেন, তবে শিউরে ওঠারই কথা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই ঘটনার তদন্তের দাবি করেছেন।








