করোনার জেরে এখন দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। সংক্রমন রুখতে মানুষের বাড়ি থেকে বাইরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর মধ্যেই অন্নপূর্ণা পুজোর অষ্টমীতে এক লক্ষ মানুষের বাড়িতে এক সপ্তাহের অন্নের জোগান দিলেন শুভেন্দু অধিকারী।
তিনি চাল, ডাল, আলু-সহ খাবারের প্যাকেট পাঠালেন প্রতিটি বাড়িতে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয়, ঝাড়গ্রাম, মালদহ, মুর্শিদাবাদের বহু মানুষের বাড়িতেও তিনি খাবার পৌঁছে দিচ্ছে।
জনসাধারণের প্রয়োজনে এবার তাদের পাশে দাঁড়াতে এলেন শুভেন্দু অধিকারী। খাবারের প্যাকেটে ছিল ৫ কিলো চাল, ১ কিলো ডাল, ২ কেজি আলু, এক কেজি মুড়ি, ৫ প্যাকেট বিস্কুট। আজ ও কাল মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে সেই একই পরিমাণ খাবার পাঠিয়ে দিচ্ছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর কথায়, ”করোনা মোকাবিলার কর্মসূচি হিসেবে মুখ্যমন্ত্রী রেশনের মাধ্যমে প্রায় সমস্ত মানুষকে বিনামূল্য চাল-গম দিচ্ছেন। কিন্তু প্রান্তিক গরীবদের কাছে তা পৌঁছচ্ছে না, তাই দলনেত্রীর নির্দেশে পর্যাপ্ত পরিমান খাবার পৌঁছে দিয়েছি লক্ষ মানুষের কাছে।”
লকডাউনের মধ্যে এর আগে কেরল ও দিল্লিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতেও তিনি এগিয়ে এসেছেন। অন্নপূর্ণা পুজোর দিন প্রতি বছর তিনি নিয়ম করে সকলকে অন্নভোগ খাওয়ান। কিন্তু এই বছর কাঁথিতেই দলের পর্যবেক্ষক হিসেবে খাবারের প্যাকেট পাঠালেন পরিবহন মন্ত্রী।
অসহায়দের পাশে থাকাটাকে তিনি নিজের নৈতিক কর্তব্য হিসেবে মনে করেন। গ্রামের প্রান্তিক মানুষদের খাবার প্যাকেট বন্টনের সময় যাতে ভিড় না হয় সেই দিকেও নেত্রী তাঁকে কড়া নির্দেশ দিয়েছেন।





