করোনার জেরে ২১ দিনের লকডাউনের যে মেয়াদ চলছে তা শেষ হবে ১৪ এপ্রিল। মাঝে এমন জল্পনা তৈরি হয় যে, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। কিন্তু কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়ে দেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই। যা শোনা যাচ্ছে তা নিছকই গুজব।
আর লকডাউনের মেয়াদ বাড়বে না বলে জানানোর পরেই ১৫ এপ্রিল থেকে রেল ও বিমানের টিকিট বুকিং শুরু হয়ে গেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘বিজনেস লাইন’-কে পশ্চিম রেলের আমদাবাদ ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রদীপ শর্মা জানিয়েছেন, কেন্দ্রের থেকে লকডাউনের মেয়াদ না বাড়ার বার্তা পেয়েই ১৫ এপ্রিল এবং তার পরে যাত্রা করার জন্য টিকিট বুকিং শুরু করে দিয়েছে রেল।
ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, বিভিন্ন বিমান সংস্থাও ১৫ এপ্রিল থেকে ডোমেস্টিক টিকিট বিক্রি শুরু করেছে। কোনও সংস্থার পক্ষে কোনও ঘোষণা না করা হলেও স্পাইসজেট, গোএয়ার এবং ইন্ডিগো-র ওয়েবসাইটে টিকিট বুকিং করা যাবে বলে দেখা যাচ্ছে।
ঘরে বসে থেকে হাঁপিয়ে ওঠা মানুষজন এখন ১৫ই এপ্রিল এর দিন গুনছে। বন্দী দশা থেকে মুক্তি নয় কাজের জায়গা এমনকি ঘুরতে যাওয়ারও সুযোগ পাবে তারা। তাই এখন থেকে তার প্রস্তুতি নিচ্ছে মানুষ।





