জোরকদমে চলছে ভোটগণনা। দেশজুড়ে লোকসভা নির্বাচন ২০২৪-এর ফল (Lok Sabha Election Result 2024) ঘোষণা আজ। চলতি বছরের ভোটের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার (Diamond Harbour General Election 2024)। ফল প্রকাশের সময় বাংলার জনগণের পাখির চোখ এই কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল (Trinamool Congress) প্রার্থী তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি (Abhijit Das) ও বাম প্রার্থী প্রতীকুর রহমান (Pratikur Rahaman)।
ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটগণনায় ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে গণনা বয়কট করল বিরোধী শিবির। বিরোধীদের অভিযোগ, মঙ্গলবার গণনার শুরুর থেকেই বিরোধী প্রতিনিধিদের হুমকি ও ভয় দেখান তৃণমূলের দুষ্কৃতীরা। গণনাকেন্দ্রের ভিতরে ছিনিয়ে নেওয়া হয় বিজেপির প্রতিনিধিদের পরিচয়পত্র। তারপরই ভোট গণনাকেন্দ্রের বাইরে বিক্ষোভ শুরু করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। তার কিছুক্ষণ পর গণনাকেন্দ্র ছেড়ে চলে যান বাম প্রার্থী প্রতিনিধিরা।
তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বিস্ফোরক অভিযোগ
বিজেপি প্রার্থীর দাবি, এদিন গণনা শুরুর আগে থেকেই গণনাকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা যায়। গণনা কেন্দ্রের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বিজেপি প্রতিনিধিদের। বিজেপির কর্মীদের মারধর করে বার করে দিচ্ছে তৃণমূলের গুন্ডারা। ঘটনাকেন্দ্রে কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, তারা কোনও পদক্ষেপ করছেন না। ববি বলেন, ‘আমি দুবার নিজের এজেন্টদের নিয়ে ভিতরে ঢোকানোর চেষ্টা করেছি, পারিনি। গণনাকেন্দ্রের ভিতর বিজেপি প্রতিনিধিদের অকথ্য গালিগালাজ করা হচ্ছে।”
আক্রান্ত বিজেপির প্রতিনিধি বলেন, “আমি সকাল সাতটার আগে গণনাকেন্দ্রে দলের অন্যান্য কর্মীরা আসেননি। ভিতরে ঢুকতেই আমার পরিচয়পত্র ছিনিয়ে নেয় তৃণমূলের লোকেরা। এরপর কলার টেনে বলে, এটাকে সাইডে রাখ। পরে হিসাব হবে।”
এদিন গণনা শুরুর পর বিশৃঙ্খলা দেখা দিলে, ঘণ্টাখানেকের মধ্যে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান বাম প্রার্থী প্রতীকুর রহমান ও তাঁর দলের প্রতিনিধিরা। ডায়মন্ড হারবার কলেজে ওই কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা চলছে।






