এ যেন উলাটপুরাণ! বঙ্গে ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিলেন শাহ, কেন্দ্রীয় নেতার সেই লক্ষ্য পূরণ করছে তৃণমূল! রাজ্যে বেকাদায় বিজেপি

আজ মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল (Lok Sabha Elections 2024 Result) ঘোষণার দিন। সকাল আটটায় শুরু হয়েছে ভোট গণনা। গত শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোট গ্রহণ হয়েছে ৭ দফায়।

পশ্চিমবঙ্গের এই ৪২ আসনের ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের মহরৎ আজ। গণনা হবে ৫৫টি গণনাকেন্দ্রে। এই মর্মে গণনাকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বুথ ফেরত সমীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলায় কায়েম মমতা ম্যাজিক। ৪২টি আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে তৃণমূল। ১০টিতে বিজেপি। ১টি আসনে এগিয়ে কংগ্রেস। বামফ্রন্ট এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। গণনা র খাতায় তাদের নম্বর শূন্য।

ইতিমধ্যে রাজ্যে সবুজ আবিরের ঝড়। তৃণমূল সমর্থকরা আশাবাদী ফের ক্ষমতায় আসবেন তাদের প্ৰিয় নেত্রী ও বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন এবারের লোকসভা নির্বাচনে এরাজ্য থেকে ৩০টি আসন পাবে বিজেপি।

তবে রিপোর্ট বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়েছে হেসেখেলে ৩০টি আসনে এগিয়ে জোড়াফুল। এমনকী ২০১৯-এর লোকসভা নির্বাচনে ১৮টি আসন জিতেছিল বিজেপি। এবার সেই আসনও হাতছাড়া হওয়ার উপক্রম। তবে কী মমতার সামনে ফিকে পড়ল মোদী ম্যাজিক?

RELATED Articles