রাজ্যে করোনা ভাইরাসের জেরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবার আগে বন্ধ করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন স্থগিত করে দেওয়া হয় ১৪ই এপ্রিল পর্যন্ত। মাঝপথে বন্ধ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। স্থগিত আছে স্নাতক স্তরের পরীক্ষা। এই অবস্থায় সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন সকল অভিভাবকরাই।
বুধবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিওয়াল জানিয়েছেন, CBSE বোর্ডের স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠনরত ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয়। যারা নবম ও একাদশ শ্রেণীতে পড়ছে তাদের internal assessmentএর ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে।
পোখরিয়াল বলেছেন, বর্তমানে করোনা ভাইরাসের জেরে যা পরিস্থিতি চলছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, CBSE বোর্ডের স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। এবং নবম ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের internal assessmentএর ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে।
তিনি আরও জানান, দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা শুধু ২৯টি মূল বিষয়ে হবে যা ছাত্র-ছাত্রীদের পরবর্তী কালে উচ্চশিক্ষার কাজে লাগবে।
বাকি বিষয়গুলোর জন্য CBSE কোনো পরীক্ষা নেবে না। মার্কিং ও assessment এর নিয়ম বোর্ড আলাদাভাবে জানিয়ে দেবে। এরপর যখন পরীক্ষা নেওয়ার মত পরিস্থিতি তৈরি হবে, তখন বোর্ড ২৯টি মূল বিষয়ে পরীক্ষার জন্য নোটিশ জারি করবে।
মন্ত্রীর এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবকরা।





