বাসন্তী পোলাও, খুশকা পোলাও তো অনেক খেলেন, এবার সহজেই বানান পিঙ্গলি পোলাও, একবার খেলেই মুখে লেগে থাকবে স্বাদ

পোলাও তো অনেক খেয়েছেন। পিঙ্গলি পোলাও খেয়েছেন কখনও? একবার খেলে জিভে স্বাদ লেগে থাকবে। কোন তরকারি ছাড়া শুধুই এই পোলাও খেতে পারেন আপনি। আসুন জেনে নিন এই পোলাও রান্নার সহজ পদ্ধতি।

উপকরণ

বাসমতি চাল ১ কাপ, তিন রকমের বেলপেপার প্রতিটি ১/২ কাপ (হলুদ, লাল ও সবুজ), গোটা গরম মশলা ও তেজপাতা, সাদা তেল, ২০০ গ্রাম পনীর, গরম মশলা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, ময়দা ২ টেবিল চামচ ও ২ টেবিল চামচ ঘি, দুধ, কাজু- কিসমিস, চিনি, পরিমাণমতো নুন।

রন্ধন প্রণালী

বাসমতি চালকে জলে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। এরপর বেলপেপারটিকে কেটে নিতে হবে। পোলাও বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে জল গরম করে নিতে হবে। জল গরম হয়ে গেলে তাতে দিতে হবে ১ টেবিল চামচ সাদা তেল। পোলাওয়ের জলে তেল ব্যবহার করলে চাল গায়ে গায়ে লেগে যায় না। এবার দিয়ে দিতে হবে গোটা গরম মশলা‌। এবার ওই জলে চাল দিয়ে ভাত করে নিতে হবে। ৭-১০ মিনিট মতো হলেই চালটি তৈরি হয়ে যাবে। দেখে নিতে হবে সম্পূর্ণভাবে ভাত তৈরি হয়ে গেছে কিনা। এরপর ভাতের জল ঝরিয়ে নিতে হবে। এরপর ভাতটি একটি বড় থালাতে মিলে দিতে হবে, যাতে ভাতটি ঝরঝরে হয়।

এবার একটি পাত্রে পনীরটিকে গ্রেট করে নিতে হবে। পনীরে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন ও এক চা চামচ চিনি। সাথে দিতে হবে গরম মশলা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, এরপর পনীর মাখার জন্য দিতে হবে ময়দা ২ টেবিল চামচ ও ১ টেবিল চামচ ঘি। অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। এরপর গোল করে গড়ে নিতে হবে। একটি পাত্রে বেলপেপারগুলিকে নিয়ে নিতে হবে। ‌ছানার ছোট ছোট বল করে বেলপেপারগুলিকে তার গায়ে ঘুরিয়ে নিতে হবে। সুন্দর রংবেরঙের ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।

এবার কড়াইতে ৩ টেবিল চামচ সাদা তেল ও ১ টেবিল চামচ ঘি গরম করে ছানার বলগুলি ভেজে নিতে হবে। ‌ মাঝারি আঁচে ভাজতে হবে ছানার বলগুলি। ছানার বলগুলি ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলেই কাজু কিসমিস ভেজে নিতে হবে। কাজু কিসমিস না তুলে ওই তেলেই তৈরী করা ভাতটা দিয়ে দিতে হবে। এবার হালকা হাতে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদমতো চিনি ও নুন দিয়ে দিতে হবে। সাথে দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটি সম্পূর্ণ ভাতে মিশে যায়। ‌ উপর থেকে দিয়ে দিতে হবে ছানার বলগুলি। তাহলেই তৈরি হয়ে যাবে পিঙ্গলি পোলাও। এই পোলাও শুধুই খাওয়া যেতে পারে বা কোন তরকারির সাথে সহজেই এটি পরিবেশন করতে পারেন।

আরও অন্যান্য খবর