আর জি করের ঘটনা নিয়ে জ্বলছে সারা বাংলা-সহ গোটা দেশও। সকলে প্রতিবাদ করছেন এই ঘটনার। রাজ্যের নানান প্রান্তে চলছে বিক্ষোভ, আন্দোলন। নারীরা পথে নেমে আন্দোলন করছেন। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের নানান সরকারি হাসপাতালে বন্ধ পরিষেবা। জরুরি পরিষেবা চালু। এরই মধ্যে ঘটল এক ঘটনা। আর জি কাণ্ডে প্রতিবাদ করা একাধিক চিকিৎসককে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর।
আজ, ১৭ আগস্ট গোটা দেশে কার্যত বন্ধ চিকিৎসা পরিষেবা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। মিলবে না পরিষেবা। গোটা দেশ যখন এই ঘটনার প্রতিবাদ করছে, সেই সময় দাঁড়িয়ে ৪২ জন চিকিৎসককে বদলির নির্দেশ দিল রাজ্য সরকার।
জানা গিয়েছে, রাজ্যের ৪২ জন চিকিৎসককে অন্য নানান হাসপাতালে বদলি করে দিল রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতার চিকিৎসকদের নানান জেলায় বদলি করা হয়েছে। এই ৪২ জন চিকিৎসকের মধ্যে রয়েছেন আর জি করের ২ জন চিকিৎসক। বাকি চিকিৎসকরাও তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সরব হয়েছিলেন। সেই কারণেই কী এই বদলি? উঠছে প্রশ্ন।
এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশনের তরফে। তাদের দাবী, আর জি করের তরুণী চিকিৎসকের জন্য যারা প্রতিবাদ গড়ে তুলেছিলেন, তাদের মধ্যে ৪২ জন চিকিৎসককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের দাবী, এভাবে তাদের আন্দোলনকে থামানো যাবে না। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংবাদ সংস্থা পিটিআই-কে ট্যাগও করা হয়েছে।
তবে এই বদলির নির্দেশের বিষয়ে আবার স্বাস্থ্য ভবনের দাবী, এটা নিয়মমাফিক বদলি। এর সঙ্গে আর জি করের ঘটনার কোনও যোগ নেই। কিন্তু সেই কথা মানতে নারাজ চিকিৎসক মহল, এমনকি গেরুয়া শিবিরও। তাদের তরফেও দাবী, আর জি করের ঘটনার প্রতিবাদ জানানোর কারণেই এই ৪২ জন চিকিৎসককে বদলি করা হচ্ছে।





