আর জি কর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও পূর্ব বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামীকে তলব করল লালবাজার। জানা গিয়েছে, আজ, রবিবার বিকেল ৩টের সময় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। লালবাজারের সাইবার ক্রাইমের তরফে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে খবর।
কী কারণে তলব দুই চিকিৎসককে তলব লালবাজারের?
সূত্রের খবর, চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামী নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ভুল তথ্য প্রকাশ করার কারণে দুই চিকিৎসককে তলব করা হয়েছে বলে খবর। ৩৫ বিএনএস ধারায় অভিযুক্ত হিসেবে নোটিশ পাঠানো হয়েছে তাদের। লালবাজার সাইবার ক্রাইম এই নিয়ে অভিযোগ করেছে বলে জানা গিয়েছে।
এই তলবের বিষয়ে চিকিৎসক কুণাল সরকার জানিয়েছেন, তিনি এই মুহূর্তে কলকাতায় নেই। আগামীকাল, সোমবার ফিরবেন তিনি। এরপর আইনি পরামর্শ নেবেন। তিনি জানান, তাঁর মতামতও তিনি জানিয়েছেন। তাঁর কথায়, যদি তলব যুক্তিসঙ্গত মনে হয়, তাহলেই তিনি হাজিরা দেবেন।
অন্যদিকে, সুবর্ণ গোস্বামী এই তলব প্রসঙ্গে জানিয়েছেন, তিনি তদন্তের জন্য সবরকম সহযোগিতা করতে রাজি। তবে তাঁর দাবী, তিনি কোনও পরিচয় প্রকাশ বা কোনও ভুল তথ্য প্রকাশ করেন নি।
এদিকে, আবার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও লালবাজার তলব করেছে বলে খবর। তাঁর বিরুদ্ধেও মৃতা তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ করা হয়েছে। আজ, বিকেল ৩টের সময় তাঁকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবার, আর জি করে ভাঙচুর কাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যোপাধ্যায়-সহ এসএফআই ও ডিওয়াইএফআই-এর ৭ জন নেতা-নেত্রীকে তলব করেছে পুলিশ। বুধবার রাতে আর জি কর মেডিক্য়াল কলেজের বাইরে ব্য়ারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে বৃহস্পতিবার ভাঙচুরের যাবতীয় দায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং বিজেপির ওপর চাপানোর চেষ্টা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।






