আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন গোটা রাজ্যের মানুষ। তরুণী চিকিৎসককে ন্যায় বিচার পাইয়ে দেওয়া লক্ষ্যে অবিচল সকলে। দিকে দিকে চলছে আন্দোলন, বিক্ষোভ। রাস্তায় নেমেছেন মহিলারা। নানান মহলের তরফে প্রতিবাদী মিছিল করা হচ্ছে। এরই মধ্যে হাইকোর্টে দুই আইনজীবীর মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া। কিন্তু কেন?
আজ, সোমবার দলমত নির্বিশেষে একটি মিছিল করেন আইনজীবীরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে হয় এই মিছিল। মিছিল সেরে ফিরে আসার পরই দেখা যায় তুমুল বিবাদে জড়িয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কী নিয়ে হঠাৎ এই বিবাদ শুরু হল, তা কেউ বুঝে উঠতেই পারছিলেন না প্রথমে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দলমত নির্বিশেষের সেই মিছিলে নাকি রাজনৈতিক রঙ লাগে। তিনি জানান, তাঁকে সেই মিছিলে ধাক্কাধাক্কি করা হয়েছে। এমনকি, তাঁর এও অভিযোগ, কেন সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী স্লোগান তোলা হয়েছে।
এসবের মাঝেই আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কল্যাণ। বলেন, তমলুকে জামানত বাজেয়াপ্ত হয়েছেন তিনি। এও বলেন, “যতই চেষ্টা করো, শেষমেশ সেই জামানত জব্দই হতে হবে। কোনও ভাবেই উঠে পারবে না আর সিপিএম”। একথা বলার পরই দু’পক্ষের মধ্য্যে শুরু হয় বিবাদ। সায়ন বন্দ্যোপাধ্যায় তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে কোনও রাজনৈতিক স্লোগান ওঠে নি ওই মিছিলে, বা রাজনীতিকরণ হয়নি। কিন্তু তা মানতে নারাজ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এমন ঘটনায় হাইকোর্ট চত্বরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দুই আইনজীবীর এমন বিবাদ দেখে থমকে যান বাকি আইনজীবীরাও। যদিও তাদের মত, কোনও ভেদাভেদ নয়, আর জি করের ঘটনার সঠিক বিচারের দাবীতেই এদিন তারা সকলে রাস্তায় নেমেছিলেন।






