আর জি করের ঘটনায় এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। দিকে দিকে চলছে আন্দোলন-প্রতিবাদ। বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। তরুণী চিকিৎসকের মৃত্যুর ন্যায় বিচারের দাবী তুলেছেন সকলে। এমন সময় এবার স্কুল ছাত্রীদের পেতে হল হুমকি। আর জি করের মতো অবস্থা করে দেওয়ার হুমকি দেওয়ায় অটোচালককে বেধড়ক মারধর ছাত্রীদেরই।
জানা গিয়েছে, দুই ছাত্রীকে হুমকি ও অশ্লীল ভাষা বলায় এক অটোচালককে বেদম মারধর করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪৭। তবে এই ঘটনা সামনে আসতেই নারীদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। জানা গিয়েছে, একটি অটো করে স্কুল থেকে ফিরছিল দুই ছাত্রী। অটোর পিছনের সিটে বসে জোরে জোরেই কথা বলছিল দুই বন্ধু। তাতে আপত্তি জানায় অটোচালক। ছাত্রীদের বারণ করলেও তারা না শোনায় তাদের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকে ওই চালক। একসময় গিয়ে হুমকি দিয়ে এও বলে, “কলকাতায় ওই মেয়েটার সঙ্গে যা হয়েছে, জানো তো? তোমাদের সঙ্গেও ওরকম করে দেব”।
এই হুমকি পাওয়ার পরই অটো থামাতে বলে ছাত্রীরা। চিৎকার করতে থাকে তারা। অটো চালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে থাকে দুই ছাত্রী। এই ঘটনাটি পথচলতি মানুষদের চোখে পড়ায় তারা এগিয়ে আসে। ছাত্রীদের থেকে গোটা বিষয়টি জানার পর তারাও প্রহার করে অটোচালককে। ছাত্রীদের কথায়, ওই অটোচালক মত্ত অবস্থায় ছিল।
এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, আশপাশের কিছু লোকজন দুই ছাত্রীকে আশ্বস্ত করে কিছু বলছেন। কেউ কেউ তাদের অটোচালককে মারধর করার জন্য উস্কাচ্ছেন। তবে এই ঘটনায় পুলিশে খবর দেয়নি কেউ।
তবে এই ভিডিওটি শুক্রবার ভাইরাল হওয়ায় তা পুলিশের নজরে পড়েছে। নাগপুরের পারডি থানার পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে এই ঘটনাটি।






