আর জি কর কাণ্ড (R G kar incident) নিয়ে গোটা রাজ্য আজ উত্তাল হয়ে রয়েছে। রাজ্য থেকে দেশ জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। বিভিন্ন জায়গার বিভিন্ন পেশার মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা, শিল্পীরা, তারকারা আজ পথে নেমেছেন প্রতিবাদ করতে, দাবি তাদের একটাই তিলোত্তমার ন্যায় বিচার। কর্মরত অবস্থায় নিজের কাজের জায়গায় একজন নারী অসুরক্ষিত এই বিষয়টি মানতে পারছেন না দেশের জনগণ। এই প্রতিবাদে সামিল হয়ে কটাক্ষ শুনতে হল অভিনেতা সৌরভ দাসকে (Sourav das)।
তিলোত্তমার সাথে হওয়া অন্যায় নিয়ে প্রতিবাদ করেছিলেন সৌরভ দাস। এই প্রতিবাদ করার জন্য কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাকে। অনেক নেটিজেন তাকে মনে করিয়ে দিয়েছেন ২০২১ সালে ২২শে জানুয়ারি ভাইরাল হওয়া এক ভিডিওর কথা। যে ভিডিওর জন্য অভিনেতা সৌরভকে বেশ খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর বিপর্যস্ত হয়ে যায় তার জীবন।
সেই সময় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখেই তাকে ধর্ষকের তকমা দিয়ে দেওয়া হয়। এমনকি তার বোনের সম্পর্কেও তাকে কু মন্তব্য শুনতে হয়েছিল। সেই পুরোনো প্রসঙ্গে তুলেই এক নেটিজেন তাকে সরাসরি বিদ্ধ করেন,“দোষ তো আপনিও করেছিলেন, মনে নেই?” তবে প্রশ্ন শুনে মুষড়ে যান নি সৌরভ। যোগ্য জবাব দিয়েছেন সেই সমালোচনার।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন,“ওটা একটা এডিটেড ভিডিয়ো ছিল। যে মেয়েটার কথা বলছেন ও আমার নিজের বোন। এসব বলার আগে কখনও জানতে চেয়েছেন সত্যিই ওর সঙ্গে এরম কিছু হয়েছিল কিনা? ওই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করেছেন ও কেমন আছে? মেয়েটার কী বক্তব্য, কী বলতে চায় জানতে চেয়েছেন?”
এই প্রসঙ্গে সৌরভ আরও বলেছেন যে, “ওই সময় কোনও রকম সত্যি মিথ্যে যাচাই না করে আমার বোন, আমায়, আমার পরিবারকে যে ভাবে মানসিক নির্যাতন করা হয়েছিল সেটা সবাই জানে। যদি মনুষ্যত্ব থাকে তাহলে আর এই প্রসঙ্গ টানবেন না! ওই ঘটনার রেশ কাটাতে আমার গোটা পরিবারের অনেক সময় লেগেছিল।”
প্রসঙ্গত উল্লেখ্য তিন বছর আগে সৌরভ দাসের নিজের জন্মদিনে তার বোনের সাথে একটা ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিওতে থাকা মেয়েটা তার সাত বছরের ছোট বোন এটা না জেনেই সৌরভ দাসকে নিয়ে রীতিমতো কু মন্তব্য করা হয়। আজও সেই অতীত স্মৃতি দগদগে হয়ে আছে অভিনেতার জীবনে।





