আর জি কর কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই নানান অভিযোগ উঠেছে। এই মামলা তাদের থেকে সরিয়ে সিবিআইকে দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশের তদন্তের বিষয়ে নানান সময় নানান এমন তথ্য উঠে আসছে যা পুলিশকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। এবার এসবের মধ্যে কুরুচিকর হুমকি পেলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যেন এখন রাজ্য পুলিশের মুখপাত্র হয়ে উঠেছেন। বিগত কয়েকদিনে আর জি কর কাণ্ডের নানান বিষয়ে একাধিক সাংবাদিক বৈঠক করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনার অন্ত নেই। তবে এবার তাঁকে দেওয়া হল হুমকি। ‘আর জি করের চিকিৎসকের মতো হাল করে ছাড়ব…’ এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় ডিসি সেন্ট্রালকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনায় তিন ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
গত কয়েকদিনে নানান সময় সাংবাদিক বৈঠকে দেখা গিয়েছে ইন্দিরা মুখোপাধ্যায়কে। কিছুদিন আগেই ভাইরাল হয় এক ভিডিও, সেই ভিডিওতে দেখা গিয়েছিল যে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল ঘটনার পর সেই সেমিনার রুমেই দেখা গিয়েছিল থিকথিকে ভিড়। ক্রাইম সিনে এত লোক কেন, তা নিয়ে প্রশ্ন উঠতেই সাফাই দেন ইন্দিরা মুখোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ৫১ ফুট সেমিনার রুমের ৪০ ফুট সাদা কাপড় দিয়ে কর্ডন করা ছিল আর বাকি ১১ ফুটে কিছু লোক ছিলেন। তবে তাঁর সেই দাবী খারিজ করে নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, তারা যখন তাদের মেয়েকে দেখেন, তখন কোনও সাদা কাপড় ছিল না আর ডিসি সেন্ট্রালও সেখানে উপস্থিত ছিলেন না। তাহলে তিনি এমন কথা কীভাবে বলছেন।
শুধু তাই-ই নয়, নির্যাতিতার দেহে ঢাকা চাদরের রঙ নিয়েও প্রশ্নের মুখে পড়ে পুলিশ। প্রথমে দেখা গিয়েছিল নির্যাতিতার দেহ ঢাকা ছিল নীল চাদরে। কিন্তু তাঁর মা-বাবার দাবী, তাদের মেয়ের শরীরে সবুজ রঙের চাদর ছিল। চাদর বদলে দেওয়ার অভিযোগ করে তারা। চাদর বদল হএ যে প্রমাণও লোপাট হবে, তা নিয়ে প্রশ্ন তোলা হয় পুলিশের দিকে।
এরপরও সাংবাদিক বৈঠক করে ইন্দিরা মুখোপাধ্যায় দাবী করেন, কোনও সবুজ চাদরের কোনও অস্তিত্ব নেই। এরপরই ডিসি সেন্ট্রালের দিকে ধেয়ে আসে নানান অশালীন মন্তব্য। আর জি করের নাম করে হুমকি দেওয়া হয় তাঁকে। এই ঘটনায় তিন ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে কারা সেই ইউটিউবার, তাদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।






