আর জি কর কাণ্ড নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল। চারিদিকে প্রতিবাদমুখর মানুষ। নানান স্তরের মানুষ রাস্তায় নেমেছেন তিলোত্তমার ন্যায় বিচারের জন্য। আসল দোষীদের শাস্তি দিতেই হবে, একটাই দাবী সকলের। এমন আবহে শাসক দল তৃণমূলের দিকেও কম আঙুল ওঠে নি। তবে এবার আরও বেশি অস্বস্তিতে পড়ল তৃণমূল।
আর জি কর কাণ্ডের এই আবহাওয়ার মধ্যেই তৃণমূলের তরফে আয়োজন করা হল ইলিশ উৎসবের। হইহই করে পালিত হল সেই উৎসব। বাংলা ও বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর আর একমাস বাকি। কিন্তু শহরে নেই সেই উন্মাদনা। সেভাবে যেন কোনও প্রস্তুতিও চোখে পড়ছে না। মানুষের মধ্যে উল্লাস নেই দুর্গাপুজো নিয়ে। কিন্তু এদিকে তৃণমূলের আমোদপ্রমোদ কিন্তু থেমে নেই। দিব্যি চলছে সেসব। আর তা নিয়ে নাগরিক সমাজের চরম কটাক্ষের মুখে শাসক দল।
গতকাল, রবিবার কাঁকুড়গাছিতে ইলিশ উৎসবের আয়োজন করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলার তৃণমূলের বিধায়ক সুপ্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে, অতীন ঘোষ, প্রমুখ। এই ঘটনা নিয়ে একদিকে যেমন নাগরিক সমাজ কটাক্ষ করেছে, এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছে, তেমনই আবার এই উৎসবের বিরোধিতা করা হয়েছে তৃণমূলের একাংশের তরফেও।
এই ইলিশ উৎসব প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “আমাকে যথেষ্ট সম্মান দিয়েই আমন্ত্রণ করেছিলেন। আমার ছবিও রেখেছিলেন। আমার মনে হয়েছে এই সময় এই পরিস্থিতিতে ইলিশ উৎসবটা…। প্রতি বছর ইলিশ উৎসব হয়। খুব ভালভাবেই হয়, হোক। কিন্তু এই বছর এই সময়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব ও ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা সচেতনতা বা রুচির পরিচয় নয়”।
অন্যদিকে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, “আমাকে আন্তরিকভাবে নিমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই আবহে এই ধরনের উৎসব উচিত নয়। আমি যাইনি। আমার না যাওয়াটাই হচ্ছে এই উৎসবের প্রতিবাদ”।
যদিও এই সব যুক্তি মানতে নারাজ বিধায়ক পরেশ পাল। তাঁর কথায়, “এই জন্য কারও বাড়িতে বিয়ে হবে না, কারও অন্নপ্রাশন হবে না। কুণাল ঘোষ বড় লিডার, বলেছে”।
আরও পড়ুনঃ ৫ তারিখ ঘটতে চলেছে ‘বড়’ কিছু! সেদিনই গ্রেফতার হচ্ছেন সন্দীপ ঘোষ-সহ বাকি প্রভাবশালীরাও?
এই ঘটনার চরম নিন্দা করে কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “উনি তো দীর্ঘদিন ইলিশ বেচে খাচ্ছেন। তার খাওয়াপড়ায় সরাসরি হাত দিলে মেজাজ তো হারাবেনই। আসলে নির্লজ্জ”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!