আর জি কর মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল সারা বাংলা। আর জি কর কাণ্ডের ভয়াবহ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন গোটা বাংলার মানুষ। প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে কলকাতার রাজপথ থেকে রাজ্যের সমস্ত শহরতলী এবং গ্রামের অলিতে গলিতে। ক্ষোভে ফুঁসে উঠেছেন। আপামর জনতা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত বাংলার উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের কাকদ্বীপ, পশ্চিমের পুরুলিয়া থেকে পূর্বে বনগাঁ। রীতিমতো গণ আন্দোলনের রূপ ধারণ করেছে মানুষের এই প্রতিবাদ।
প্রায় একমাস হতে চলল আর জি করের এই নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য অপেক্ষায় দিন গুণছেন গোটা রাজ্যের মানুষ। গত ৫ই সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তা বাতিল হয়। এই মামলার শুনানি হবে আগামী সোমবার ৯ সেপ্টেম্বর। সেই দিনই একমাস পূর্ণ হবে এই নারকীয় ঘটনার।
তার আগেই রবিবার প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা ’রাজপথে আদালত’ বসাতে চলেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে তাদের এই নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর, রবিবার জেলায় জেলায় সকাল ১০টা থেকে ‘অভয়া ক্লিনিক’-এর আয়োজন করা হবে তাদের পক্ষ থেকে। ‘অভয়া ক্লিনিক’ সংলগ্ন এলাকাতেই তারা আয়োজন করবেন ‘জনতার মতামত, রাজপথে আদালত’ কর্মসূচি। সাধারণ মানুষ সেখানেই জানাবেন নিজেদের মতামত। এই কর্মসূচির সাথে রবিবার মানববন্ধনের ডাকও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিকেল পাঁচটার সময় রাস্তায় মানববন্ধন করে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান জানানো হয়েছে সকলকে।
শনিবারই চিকিৎসকদের ৫ জনের একটি প্রতিনিধি দল যায় রাজভবনে। তবে রাজ্যপাল না থাকায় তার সেক্রেটারির হাতেই জমা দেওয়া হয় ডেপুটেশন। প্রতিবাদীরা অভিযোগ জানায়, রাজ্যপাল কথা দিয়েও শেষ মুহূর্তে দেখা করেননি। কেন, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। এদিন নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসক ও নার্সরা। তাদের সঙ্গে স্লোগানে গলা এব মিছিলে পা মেলান প্রবীণ চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও।
পাশাপাশি আজ ফের মধ্যরাতে রাস্তায় বেড়িয়ে পড়ার ডাক দেওয়া হয়েছে আম জনতার কাছে। সারারাজ্যের বহু স্থানে ফের ‘রাত দখল’ কর্মসূচি পালন করা হবে আজ। এছাড়াও প্রায় প্রতিদিনই কোনও না কোনও কর্মসূচির আয়োজন করে প্রতিবাদ আরও তীব্রতর করে তুলছেন সাধারণ মানুষরাই। একের পর এক মিছিল হচ্ছে কলকাতার রাজপথ থেকে সারা বাংলার শহরতলী গ্রামে। আজও কলকাতা এবং জেলায় জেলায় সেই ধরনের কর্মসূচি পালনের মাধ্যমে বিচারের দাবীতে গর্জে উঠে প্রতিবাদ জানাবে সাধারণ মানুষ।





