জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতেই হবে, কড়া নির্দেশ দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

আজ, সোমবার সুপ্রিম কোর্টে চলছে আর জি কর মামলার শুনানি। এদিনের শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। আজ থেকে ঠিক একমাস আগে অর্থাৎ ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য সহ দেশ। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। কিন্তু এদিন চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এদিন শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে উত্থাপন করেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় রাজ্যে গত ২৮ দিনে ২৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতর রিপোর্ট দিয়ে একথা জানিয়েছে বলে জানান তিনি।   

আদালতে এদিন কপিল সিব্বল এও দাবী করেন, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে প্রায় ৬ লক্ষ রোগী বিপদের মধ্যে রয়েছেন। কয়েক হাজার রোগীর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে না। চিকিৎসকরা যদি কাজে না ফেরেন, তাহলে রাজ্য এবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায় বলে আদালতে জানান রাজ্যের আইনজীবী।  

এদিন এই সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি বলেন, “যদি আগামীকাল, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু যদি তারা কাজে যোগ না দেন, তাহলে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে”।

আগামীকাল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে অবশ্যই জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার, জেলাশাসকদের।

এদিন সওয়াল-জবাব শেষে কপিল সিব্বলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, জুনিয়র চিকিৎসকরা যথা সময়ে কাজে ফিরলে যেন তাদের বিরুদ্ধে রাজ্য কোনও ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করতে। এমনকী, তাদের কাউকে বদলিও করা যাবে না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।

আরও অন্যান্য খবর