গত কয়েকদিন নিম্নচাপের ওপর ভর করে রাজ্যজুড়ে ‘খেল’ দেখিয়েছে বৃষ্টি। একটানা বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা (Kolkata) সহ পুরো দক্ষিণবঙ্গ (South Bengal)। জলমগ্ন হয়ে পড়েছে কিছু কিছু এলাকা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে গেলেও আরও কিছুদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেনা, কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাত দেখা যেতে পারে।
আজ বিশ্বকর্মা পুজোয় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যেতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায়।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে। এদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় । তবে জেলাগুলির সর্বত্র বৃষ্টিপাত হবে না। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে না বলে জানানও হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
আজ কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা,মাঝে মাঝে রোদ দেখা যেতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শহর জুড়ে। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের গড় আর্দ্রতা থাকবে ৭০ শতাংশ।






