‘রেপ-টেপ’ মন্তব্য করে তুমুল বিতর্কে! সেই ডোনাই নাচের মাধ্যমে দিচ্ছেন নারীর ক্ষমতায়নের বার্তা, ড্যামেজ কন্ট্রোল নাকি, প্রশ্ন নেটিজেনদের

মাত্র দুই সপ্তাহ আগেই আর জি কর কাণ্ডে (R g kar incident) ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) একটি বিতর্ক নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশকে সমর্থন করার পাশাপাশি ডোনা গাঙ্গুলী বলেছিলেন,‘রেপ টেপ সব জায়গাতেই হয়’ আর তার এই মন্তব্যকে কেন্দ্র করেই তাকে তুমুল তুলোধনা করা হয় সেই সময়। সেই নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলীই আজ নারীর ক্ষমতায়নের বার্তা দিতে মহিষাসুরমর্দিনী বিষয়টিকে নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলছেন! সৌরভ পত্নী ডোনার এই কাজ যথেষ্ট প্রশংসনীয় হলেও বেশ কিছু মানুষ তার ‘রেপ টেপ’ বলে ধর্ষণকে সমর্থন করা মন্তব্যের পরে এইরকম আচরণকে দ্বিচারিতা বলে মনে করছেন।

হাতে গোনা আর কয়েক দিন পরেই দুর্গা পুজো আসছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। এই পুজো শুধু তো কোন‌ও পুজো নয়, এই পুজোর মধ্যে লুকিয়ে থাকে অশুভ শক্তি বিনাশকারী বার্তা। মা আসবেন , বিনাশ করবেন আসুরিক শক্তির আর শুভ শক্তির জাগরণ ঘটবে। একই সাথে সমস্ত দেবতা যখন পরাস্ত হয়েছিলেন,তখন আদি শক্তি মহামায়ার জয় হয়েছিল- এই নারী শক্তির জয়গানকেই নাচের মাধ্যমে তুলে ধরবেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী ও তার গ্রুপ মঞ্জরি। কিন্তু এই কিছুদিন আগেই আর জি কর কাণ্ডে নৃত্য শিল্পী ডোনা বলেছিলেন, “রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু কলকাতার, বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এটা একটা বিশাল ব্যাপার। আমরা আজকেও একটা তাসের দেশ করছি। এটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর”।

সেই সময় তার বক্তব্যের সমালোচনা করে অনেকেই বলেছিলেন, তিনি পরোক্ষ ভাবে ধর্ষণকে সমর্থন করছেন , যদিও এই তুমুল বিতর্কের পর ডোনা বলেছিলেন, তিনি পাগল নন, যে নিজে একজন মেয়ে ও মেয়ের মা হয়ে ধর্ষণকে সমর্থন করবেন! এরপর‌ই তার এই নৃত্যানুষ্ঠান যেখানে নাচের মাধ্যমে দেখানো হয়- মহিষাসুরের সাথে দেবী দুর্গার যুদ্ধ ও মহিষাসুরকে যুদ্ধে পরাস্ত হ‌ওয়ার পৌরাণিক ঘটনা, এক‌ইসাথে মর্ত্যে সুখ শান্তি প্রতিষ্ঠা করার কাহিনি‌- যা নিয়ে এক অংশের দর্শক প্রশ্ন তুলে বলেছেন, তবে কি বাঙালির চিরন্তন আবেগকে কাজে লাগিয়েই নিজের হৃত গৌরব ফেরাতে চাইছেন সৌরভ পত্নী ডোনা?

উল্লেখ্য, ছন্দ, তাল, লয়ের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সফলভাবে তুলে ধরেন প্রায় ৫০০ জনেরও বেশি নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী ডোনার অসাধারণ নৃত্যের সাথে সাথে এই অনুষ্ঠানে আর‌ও একটি বিশেষ আকর্ষন ছিল, বিখ্যাত শিল্পী কেতন সেনগুপ্তের মহালয়া পাঠ। মঞ্চের মধ্যে কেতন সেনগুপ্ত যখন মহালয়া পাঠ করেন, মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার আবাহন করেন, তখন তার কন্ঠের আকর্ষক ক্ষমতায় মুগ্ধ হয়ে যান দর্শক, মুহূর্তে মুহূর্তে শিহরিত হয়ে ওঠেন তারা।

আরও পড়ুনঃ ‘আর কবে’! হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কোনও পদক্ষেপ নেই, মিলছে না নিয়োগপত্র, উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তুলকালাম সল্টলেকে

এই অনুষ্ঠানের এক বিশেষ অংশ হতে পেরে শিল্পী নিজেও বেশ খুশি। এই প্রসঙ্গে কেতন সেনগুপ্ত বলেন,“মহালয়ার এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি সম্মানিত। মহালয়া পাঠের মাধ্যমে আমি দর্শকদের এমন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম যেখানে দেবী দুর্গার ঐশ্বরিক শক্তি ও করুণা অনুভব করতে পারেন। দেবী দুর্গা তো নারী ক্ষমতায়ন ও শক্তির বার্তাই দিয়েছেন।”

নাচের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন নারী শক্তির জাগরণের বার্তা দেওয়া হয় তেমনি প্রতিদিন নারীরা নিত্য দিন জীবন যাপনের মধ্যে যে প্রতিবন্ধকতা সম্মুখীন হয় ও সামাজিক বিধি নিষেধকে চ্যালেঞ্জ করে তারা যে প্রতি মুহূর্তে পরিবর্তনের লড়াই লড়েন, সেই বিষয়টাকেও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। কিন্তু দর্শক আসনে বসা মানুষদের থেকেই প্রশ্ন উঠে আসে, কোথাও গিয়ে কি নারীর নিত্য দিনের প্রতিকূলতা বোঝাতে গিয়ে আর জি করের তিলোত্তমাকেই বোঝাতে চাইছেন ডোনা? রেপ টেপ সব জায়গাতে হয় বলে তিনি যে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সেই বিষয়টিকেই কি মানুষের মন থেকে মুছে দিতে চাইছেন এই নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে?

Sangita Chatterjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর