তৃণমূল আছে তৃণমূলেই! সরকারি ত্রাণের ত্রিপল দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, প্রবল বিতর্কে তৃণমূল পুরপ্রধানের পুজো

এর আগে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ উঠেছে। নানান বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষ ত্রিপল পান নি, এই ত্রিপল গিয়েছে তৃণমূল নেতাদের কাছে, এমন অভিযোগ কম নয়। এবার যেন সেই অভিযোগেই সিলমোহর পড়ল। তৃণমূল পুর প্রধানের পুজো মণ্ডপে ব্যবহার করা হল সরকারিও ত্রাণের ত্রিপল যা নিয়ে বেশ বিতর্ক ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারি শহরে। মধ্য মেমারির নতুন বাসস্ট্যান্ড এলাকার পুজো এই বছর ৮ বছরে পড়ল। এই পুজো ক্মীটীড় সম্পাদক হলেন মেমারি পুরপ্রধান স্বপন বিষয়ী। এই পুজোকে এলাকার লোকজন পুরপ্রধানের পুজো হিসেবেই চেনে। শনিবার এই পুজো মণ্ডপেই দেখা এক কাণ্ড।

দেখা গিয়েছে, পুজোর মণ্ডপ বাঁধার কাজ চলছে পুরোদমে। মণ্ডপের বাঁশের কাঠামো উপর ত্রিপল দিয়ে ঘেরা। আর সেই ত্রিপলে সরকারি লোগো দেওয়া। বিশ্ব বাংলার লোগো দিয়ে পশ্চিমবঙ্গ সরকার বলে লেখা সেই ত্রিপলের গায়ে। এও লেখা রয়েছে, ‘দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপনা দফতর। ‘নট ফর সেল’ এই কথাটিও লেখা ত্রিপলের গায়ে।

এই ঘটনা সামনে আসতেই হইচই এলাকাজুড়ে। কিছুদিন আগেই প্রবল বন্যা হয়েছিল  পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায়। এখন পরিস্থিতি কিছুটা উন্নত। দুর্গতদের জন্য সরকারের  তরফে ত্রাণ পাঠানো হয়। পাঠানো হয়েছিল ত্রিপলও। তবে অনেকেই ত্রিপল না পাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এবার দেখা গেল সেই ত্রাণের ত্রিপল দিয়েই তৈরি হচ্ছে তৃণমূল পুরপ্রধানের পুজো মণ্ডপ।

এই বিষয়ে পুরসভা এলাকার এক বাসিন্দা খুদি বিবির বলেন, “আমরা ত্রিপল চাইতে বারবার গিয়েছি পুরসভায়। ত্রিপল পায়নি। এখন সবাই দেখুন, কত ভাল কাজ করছেন আমাদের পুরপ্রধান”।

এই নিয়ে কটাক্ষ করে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, এটাও এক ধরনের চুরি। সংবাদমাধ্যম ছবি তুলছে। জেলা প্রশাসনের উচিত ওই পুরপ্রধানের বিরুদ্ধে এফআইআর করা”।

এই ঘটনা প্রসঙ্গে মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন চট্টোপাধ্যায়ের বক্তব্য, “এই কাজ হয়ে থাকলে খুবই অন্যায় হয়েছে। একেবারেই উচিত হয়নি”। পুজো কমিটির কোষাধ্যক্ষ গৌতম নন্দী দাবি করেন, আমাদের একদম সাধারণ দুর্গাপুজো। কোনও থিম নেই। ৮ বছর বয়স। তবে প্যান্ডেলে সরকারি ত্রাণের ত্রিপল কেন ব্যবহার করা হয়েছে সেটা আমি কিছু বলতে পারব না”।

আরও পড়ুনঃ ফের শিরোনামে সিভিক ভলান্টিয়ার! মাঝরাস্তায় ছাত্রীকে শ্লীলতাহানি, শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার

 বিতর্ক শুরু হতেই পুরপ্রধান স্বপন বিষয়ী অবশ্য দাবী করেন, “পুজোর প্যান্ডেল তৈরিতে ত্রিপল ব্যবহার করা হয়নি। এদিন মণ্ডপে প্রতিমা এসেছে। বৃষ্টি হয়েছে। সেই কারণে এলাকার এক বাসিন্দা যিনি পুজো কমিটির সঙ্গে যুক্ত তিনি ওই ত্রিপল দিয়েছিলেন প্রতিমার মুখ ঢাকা দেওয়ার জন্য। ওই বাসিন্দা ত্রাণের ওই ত্রিপল পেয়েছিলেন”। তবে এই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে এলাকায়।

RELATED Articles